বেতন কমিশনের প্রতিবেদন পেশের সময় পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন দাখিলের দিন আবার পেছাল। আর এ কারণে কমিশনের মেয়াদও সরকারকে বাড়াতে হলো এক সপ্তাহ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বেতন কমিশনের প্রতিবেদন দাখিল হওয়ার কথা ছিল ১১ ডিসেম্বর। কিন্তু অর্থমন্ত্রী ওই দিন সিঙ্গাপুরে যাওয়ার কারণে পিছিয়ে তা ঠিক করা হয় ১৪ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা। মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থমন্ত্রী দেশে ফিরবেন ১৬ ডিসেম্বর রাতে। সে হিসেবে ১৭ ডিসেম্বরের আগে তাঁর পক্ষে প্রতিবেদন গ্রহণ করা সম্ভব নয়।
এদিকে বেতন ও চাকরি কমিশনের মেয়াদ শেষ হয়েছে গতকাল সোমবার এবং গতকালই কমিশনের মেয়াদ ২২ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গত বছরের ২৪ নভেম্বর ছয় মাস মেয়াদি জাতীয় বেতন ও চাকরি কমিশন গঠন করে সরকার। কমিশনের মেয়াদ পরে এক দফা বাড়িয়ে প্রতিবেদন দাখিলের কথা বলা হয় এ বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে।
জানা গেছে, কমিশন তার প্রতিবেদন ১০ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করে বসে আছে।
বেতন কমিশন বিদ্যমান ২০টি ধাপ থেকে কমিয়ে ১৬টি করার সুপারিশ করেছে বলে জানা গেছে। আর বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ থাকছে প্রায় দ্বিগুণ। সূত্র জানায়, বাবা-মাসহ ছয় সদস্যের পরিবার এবং দুই সন্তানের স্বাস্থ্য ও শিক্ষা বাবদ ব্যয় বিবেচনায় নিয়ে এবারের বেতন কমিশনের সুপারিশ করা হচ্ছে। সর্বনিম্ন ধাপের মূল বেতন হচ্ছে আট হাজার টাকার বেশি, বর্তমানে যা চার হাজার ১০০ টাকা। আর সর্বোচ্চ বেতনের সুপারিশ করা হয়েছে এক লাখ টাকা, যা বর্তমানে ৪৫ হাজার টাকা। অর্থমন্ত্রী কয়েক দিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন যে আগামী বছরের ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর হবে।