বেতন কমিশনের সুপারিশ মন্ত্রিসভা কমিটিতে উঠছে
সরকারি চাকুরেদের বহুল প্রতীক্ষিত বেতন কমিশনের সুপারিশ এখন মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপনের অপেক্ষায়। চলতি মাসেই তা মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।
জানা গেছে, কমিশনের সুপারিশ পর্যালোচনা করতে চার মাস আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন ছয় বিভাগের সচিবকে নিয়ে যে পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির কাজও প্রায় শেষ।
আজারবাইজানে চলমান এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৭ মে দেশে ফিরবেন। এরপরই তাঁর কাছে জমা দেওয়া হবে এই প্রতিবেদন।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বলা যায় আমাদের কাজ প্রায় শেষ। আশা করছি, অর্থমন্ত্রী মহোদয়ের কাছে শিগগির তা তুলে ধরতে পারব।’ প্রতিবেদনটি মন্ত্রিসভা কমিটির বৈঠকেও শিগগিরই উঠবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে চেয়ারম্যান করে গঠিত বেতন ও চাকরি কমিশন এক বছরের মেয়াদ শেষে গত ২১ ডিসেম্বর সুপারিশসংবলিত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করে। এতে সর্বোচ্চ ৮০ হাজার টাকা ও সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা মূল বেতন কাঠামোর সুপারিশ করা হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় মন্ত্রিসভা কমিটিতে বেতন কমিশনবিষয়ক পর্যালোচনা কমিটির প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হবে। এরপর খুঁটিনাটি বিশ্লেষণের জন্য তা অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগে পাঠানো হবে। অনুবিভাগের কাজ সম্পন্ন হওয়ার পরে অর্থসচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে জারি করা হবে প্রজ্ঞাপন।
সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে অর্থসচিব গতকাল প্রথম আলোকে শুধু বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে।
সরকার ফরাসউদ্দিন কমিশনের পুরো সুপারিশ আগামী অর্থবছর থেকেই কি বাস্তবায়নে যাবে—এমন প্রশ্নের জবাবে অর্থসচিব বলেন, ‘প্রতিবেদন চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত কিছুই বলা যাবে না।’
সরকারি চাকুরেদের জন্য সুপারিশ তৈরিতে একটি গতিশীল প্রশাসনযন্ত্র তৈরির কথা বলেছিল ফরাসউদ্দিন কমিশন। কমিশনের কিছু বিষয় কাটছাঁট হলেও মূল দর্শনটি বজায় রাখা হবে বলে পর্যালোচনা কমিটি সূত্রে জানা গেছে।
কমিশন শতভাগ বেতন এবং পেনশন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি স্বেচ্ছা অবসরের বয়স বর্তমানের ২৫ বছর থেকে কমিয়ে ২০ বছরে নির্ধারণ, এখনকার পিআরএল (অবসর-পরবর্তী ছুটি) পদ্ধতির পরিবর্তে এলপিআর (অবসর প্রস্তুতিমূলক ছুটি) পদ্ধতি চালুর সুপারিশ করেছে। এ ছাড়া ‘সমৃদ্ধির সোপান ব্যাংক’ নামে একটি ব্যাংক গঠন, আবাসন-সংকট দূর করতে স্বল্পসুদে ঋণ প্রদান, স্বাস্থ্যবিমা চালু, বিদ্যমান কর্মচারী কল্যাণ তহবিলকে পুনর্গঠনের সুপারিশ করেছে কমিশন।
বর্তমান বেতন কাঠামোতে ২০টি ধাপ থাকলেও ফরাসউদ্দিন কমিশন তা কমিয়ে ১৬টি করার সুপারিশ করেছে। পর্যালোচনা কমিটি তা বহাল রাখছে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী অর্থবছরে বেতন, পেনশন ও ভাতাসহ কিছু সুপারিশ বাস্তবায়ন করা হবে। অন্য সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে।