বেতন-ভাতা পরিশোধে মেশিন বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান (মাঝে) l ছবি: বিজিএমইএর সৌজন্যে
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান (মাঝে) l ছবি: বিজিএমইএর সৌজন্যে

টেক্স টেক নামে গাজীপুরের এক পোশাক কারখানার মেশিন বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা বাবদ ৬৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিজিএমইএতে নিজের জমির দলিল বন্ধক রেখে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেছেন অ্যাডর্ন নিটওয়্যারের মালিক। তবু কারখানাটির শ্রমিকদের এক মাসের বেতন বাকি। বোনাসও পাননি।

পবিত্র ঈদুল আজহার আগে এভাবেই জোড়াতালি দিয়ে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। তাঁদের সংগঠন বিজিএমইএর নেতারা গতকাল বৃহস্পতিবার দাবি করেছেন, সংগঠনের সদস্য সব কারখানার চলতি মাসের আংশিক কিংবা পূর্ণ বেতন পরিশোধ হয়েছে। শতভাগ কারখানা ঈদ বোনাস দিয়েছে।

অবশ্য শ্রমিকনেতারা অভিযোগ করে বলেছেন, শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার ক্ষেত্রে মালিকেরা আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়েছেন। বড় কারখানা মূল বেতনের সমপরিমাণ বোনাস দিলেও মাঝারিগুলো ৪০-৬০ শতাংশের বেশি দেয়নি। ছোট কারখানাগুলো ৫০০-১০০০ টাকাও বোনাস দিয়েছে। অধিকাংশ কারখানাই চলতি মাসের অর্ধেক বেতন দিয়েছে।

পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য দু-চারটি কারখানার মেশিন বিক্রি করতে হয়েছে। এ জন্য রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত গতকালের সংবাদ সম্মেলনে পোশাক কারখানার মালিকদের কাছে ক্ষমা চেয়েছেন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান, মোহাম্মদ নাছির, ফেরদৌস পারভেজ প্রমুখ।

সিদ্দিকুর রহমান বলেন, দু-চারটি ক্ষেত্রে বেতন-ভাতা পরিশোধের জন্য কখনো মেশিনারিজ (যন্ত্রপাতি) বিক্রি করতে হয়েছে। এ জন্য মালিকদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি।’ তিনি আরও বলেন, ‘শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে কখনো কখনো শক্ত পদক্ষেপ নিতে হয়েছে। কারণ, বিজিএমইএর সদস্য ৩ হাজার ২০০ কারখানার মধ্যে দু-চারটির সমস্যার জন্য পুরো পোশাক খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

বিজিএমইএর সভাপতি বলেন, বেতন-ভাতা পরিশোধ নিয়ে সমস্যা হতে পারে এমন ৮০০ কারখানা নজরদারির মধ্যে রেখেছিলাম। এর মধ্যে ৪০টি কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা করে বেতন-ভাতা পরিশোধ করার উদ্যোগ নিয়েছি। কারখানাগুলোর সমস্যার ধরন অনুসারে ব্যাংক থেকে ঋণ, মালিকের সম্পত্তি, সোনার অলংকার ও জমিজমা বিক্রি এবং কারখানার মেশিন ও জেনারেটর বিক্রি করে শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।

সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের জানামতে, বিজিএমইএর শতভাগ কারখানা উৎসব ভাতা দিয়েছে। গত মাসের (জুলাই) বেতন-ওভারটাইম পরিশোধ হয়েছে। চলতি আগস্ট মাসের আংশিক বা পূর্ণ বেতন অগ্রিম হিসেবে দিয়ে দিয়েছে অধিকাংশ কারখানা।’

পরে জানতে চাইলে জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বোনাসের পরিমাণ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তুষ্টি আছে। বোনাসের পরিমাণ নিয়ে শ্রম আইনে সুস্পষ্ট কিছু না থাকার কারণেই মালিকেরা সুযোগ নেন।’ তিনি জানান, পরিমাণ যা-ই হোক অধিকাংশ শ্রমিক বেতন-ভাতা পেয়েছেন। তবে তুর্জ অ্যাপারেলস নামে মিরপুরের এক কারখানার বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা আছে।

সরকারের নির্দেশনা অনুসারে মহাসড়কে যানজট কমানোর জন্য পর্যায়ক্রমে পোশাক কারখানা ছুটি দিয়েছে, সংবাদ সম্মেলনে এমনটাই জানান বিজিএমইএর সভাপতি। তিনি জানান, গতকাল পর্যন্ত ৯০ শতাংশ কারখানা ছুটি হয়েছে। আজ বাকি কারখানা ছুটি দেবে।

বিজিএমইএর সভাপতি বলেন, পোশাকশিল্পের অনেক কারখানার মালিক ২০-২৫ বছর কারখানা চালানোর পর অবকাঠামো, রাজনীতি বা নিজের ব্যর্থতার কারণে রুগ্‌ণ হয়ে পড়েছেন। কারখানা চালাতে পারছেন না। তাঁদের জন্য জরুরি ভিত্তিতে একটি এক্সিট পলিসি বা ব্যবসা থেকে প্রস্থানের নীতিমালা করার দরকার। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসের সংকট সমাধান হয়নি বলে অভিযোগ করেন সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা খোলা রাখার কারণে আমদানি-রপ্তানিতে কিছুটা গতি এসেছে। তবে পণ্য খালাস সংকট এখনো সমাধান হয়নি।’ তিনি আরও বলেন, বহির্নোঙরে জাহাজগুলোকে এখনো চার থেকে নয় দিন অপেক্ষা করতে হয়। এ সময় কমিয়ে আনতে হবে।