ঈদ উপলক্ষে তৈরি পোশাকশিল্প শ্রমিকদের গত জুন মাসের বেতন ১০ জুলাই এবং উৎসবভাতা বা বোনাস ১৪ জুলাইয়ের মধ্যে মালিকদের পরিশোধ করতে হবে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় আলোচনার পর সরকার, মালিক ও শ্রমিকনেতারা এ বিষয়ে একমত হয়েছেন। সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘শিল্পমালিকদের কাছে ১০ জুলাইয়ের মধ্যে বেতন ও ১৪ জুলাইয়ের মধ্যে ভাতা পরিশোধের অনুরোধ করেছি। এতে তাঁরা সম্মত হয়েছেন।’
মুজিবুল হক বলেন, ‘তৈরি পোশাকশিল্পের যেকোনো সংকটে সরকার মালিকদের পাশে দাঁড়িয়েছে। আর সরকারের অনুরোধে বেতন-ভাতা পরিশোধের যে তারিখ নির্ধারণ করা হয়েছে, আশা করি, মালিকেরা এর আগেই বেতন-ভাতা পরিশোধ করবেন।’
এদিকে মুজিবুল হক শ্রমিকদের ঈদের ছুটি এক দিনে না দিয়ে পর্যায়ক্রমে দেওয়ার জন্য পোশাক মালিকদের তিন সংগঠনকে অনুরোধ করেন।
শিল্প প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সভায় শ্রমসচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নানসহ শ্রমিকনেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম জানান, শ্রমিকদের পক্ষে ৭ জুলাইয়ের মধ্যে উৎসব ভাতা এবং ১০ জুলাইয়ের মধ্যে গত জুন মাসের পুরো ও জুলাই মাসের ১৫ দিনের বেতন পরিশোধের দাবি করা হয়েছিল। একই সঙ্গে মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা দেওয়ার দাবি করা হয়।