বেতনকাঠামোর প্রতিবেদন মন্ত্রিসভায় যাবে এ মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর প্রতিবেদন চলতি আগস্ট মাসেই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল সোমবার নন-গেজেটেড কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো. হানিফ ভূঁইয়া ও মহাসচিব মো. রেজাউল মোস্তফা।
অর্থমন্ত্রী অবশ্য একই বিষয়ে গত ২৭ জুলাই নতুন বেতনকাঠামো আগামী সপ্তাহে (গতকাল সোমবার) মন্ত্রিসভায় ওঠার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত কাঠামোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে চাপা অসন্তোষ চলছে। কারণ, তাঁরা হতাশাগ্রস্ত এবং মর্যাদা ও আর্থিক—দুই দিক থেকেই বৈষম্যের শিকার। পত্র-পত্রিকায় সবার বেতন দ্বিগুণ বাড়ছে বলে যে প্রতিবেদন হচ্ছে, তা-ও ঠিক নয়।
অর্থমন্ত্রীর কাছে কয়েক দফা দাবি জানিয়েছে সাড়ে ১২ লাখ কর্মচারীর এই সংগঠন। এর মধ্যে রয়েছে ফরাসউদ্দিন কমিশনের সুপারিশে নতুন কাঠামোতে যে ২০টি ধাপের কথা বলা হয়েছে সেটাকে ১৬টি করা, সর্বনিম্ন ধাপে ১০ হাজার টাকা বেতন নির্ধারণ, এক ধাপ থেকে আরেক ধাপের ব্যবধান কমপক্ষে এক হাজার টাকা করা, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা, সচিবালয়ের বাইরে ও ভেতরে কর্মরত কর্মচারীদের মধ্যে পদোন্নতির বৈষম্য দূর করা এবং কেউ কর্মকর্তা ও কেউ কর্মচারী—এই ধারণা তুলে দেওয়া।
পরিষদের নেতারা সাংবাদিকদের জানান, কর্মচারীদের জন্য যে ১০টি গ্রেড রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন গ্রেডে (২০তম) করা হচ্ছে ৮ হাজার ২৫০ টাকা ও সর্বোচ্চ গ্রেডে (১০ম) ১২ হাজার ৫০ টাকা। অর্থাৎ কর্মচারীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের ব্যবধান ৪ হাজার ২০০ টাকা। এক গ্রেড থেকে আরেক গ্রেডের পার্থক্য মাত্র ২৫০ থেকে ৮০০ টাকা।
অন্যদিকে কর্মকর্তাদের জন্য করা ১০টি গ্রেডে মোট আর্থিক ব্যবধান ৫৯ হাজার টাকা। একাদশ গ্রেডে ১৬ হাজার টাকা ও প্রথম গ্রেডে ৭৫ হাজার টাকা। তাঁদের এক গ্রেডের সঙ্গে আরেকটির পার্থক্য ৮ থেকে ১১ হাজার টাকা।
কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সব সময়ই এ পার্থক্য ছিল বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তবে তিনি বলেন, ভবিষ্যতে প্রথম-দ্বিতীয় বা তৃতীয়-চতুর্থ শ্রেণি বলতে কিছু থাকবে না।
পরিষদের সদস্য আবদুর রশিদ বলেন, ‘পদোন্নতির সুযোগ নেই সবার। আমি ৩২ বছর ধরে একই পদে আছি।’
বৈঠকের শেষ দিকে প্রতিনিধিদলের উদ্দেশে অর্থমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘গ্রেড কি ২০টি হবে, না ১৬টি? ’ তাঁরা একযোগে বলেন, ‘১৬টি।’ জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেখি কী করা যায়।’