বেতন-ভাতার দাবিতে সাসকোর শ্রমিকদের বিজিএমইএ ঘেরাও
আগস্ট মাসের বেতন পাননি এখনো। চলতি মাসের ১৫ দিনের বেতন এবং ঈদ বোনাসও অনিশ্চিত। তাই অনেকটা বাধ্য হয়েই রাজধানীর মিরপুর থেকে হেঁটে কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন ঘেরাও করেছেন সাসকো টেক্সের কয়েক শ পোশাকশ্রমিক। এটি গতকাল বুধবার বিকেলের ঘটনা।
কারখানাটির শ্রমিক রাশেদুল, আলামিন ও মর্জিনা বেগম জানান, দুপুরে খাবারের সময় বের হয়ে তাঁরা বিজিএমইএ কার্যালয় ঘেরাও করতে আসেন। তাঁদের অভিযোগ, কয়েক মাস ধরেই মালিকপক্ষ প্রতি মাসের বেতন পরের মাসের একেবারে শেষ দিকে দিয়ে আসছে। চলতি মাসেও তাঁরা একই আশঙ্কা করছেন।
শ্রমিকেরা শেষ পর্যন্ত পাওনা বুঝে পাওয়ার আশ্বাস নিয়েই বাড়ি ফিরেছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে শ্রমিকেরা ঘেরাও কর্মসূচি শুরু করার কিছুক্ষণের মধ্যেই বিজিএমইএর শ্রম শাখার কর্মকর্তারা সেখানে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। এরপরে তাঁরা শ্রমিকদের একটি প্রতিনিধিদলকে নিয়ে বিজিএমএইতে বৈঠক করেন। এ সময় কর্মকর্তারা কারখানার মালিক আতিয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে শ্রমিকদের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি পান। তা শ্রমিকদের জানালে তাঁরা ফিরে যান।
জানতে চাইলে বিজিএমইএর সহকারী সচিব কে এম মাহমুদুল ইসলাম বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কাল (আজ) বৃহস্পতিবার ঈদ বোনাস দেওয়া হবে। রোববার দেওয়া হবে আগস্ট মাসের বেতন। আর ছুটির আগে ২৩ সেপ্টেম্বর সরকারের ঘোষণা অনুযায়ী শ্রমিকদের চলতি মাসের ১৫ দিনের বেতন দেবে মালিকপক্ষ।