বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দর সীমান্ত দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি টানা তিন দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার পর থেকে চালু হয়েছে। তবে এখনো বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ১ হাজার ২০০ ট্রাক দাঁড়িয়ে আছে।
জানা যায়, ভারতের পেট্রাপোল স্থলবন্দর ব্যবহারে নতুন করে ‘ইন্টিগ্রেটেড চেকপোস্টের’ ট্রাক পার্কিং চার্জ বাড়ায় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে গত সোমবার থেকে ধর্মঘট চলছিল। গতকাল দুপুরে পেট্রাপোল কাস্টমসের সহকারী কমিশনার পুরান লামার কার্যালয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের বৈঠক হয়। এতে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত থাকা ভারত-বাংলাদেশ বণিক সমিতির আমদানি-রপ্তানি উপকমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের আরোপ করা বর্ধিত চার্জ প্রত্যাহার হয়েছে। আগের চার্জেই ট্রাক পার্কিংসহ যাবতীয় কার্যক্রম চলবে। এ ছাড়া পেট্রাপোল স্থলবন্দর থেকে বাংলাদেশে পণ্য রপ্তানির জন্য পুরোনো সড়ক ও নতুন নির্মিত সংযোগ সড়ক আমদানির জন্য ব্যবহার করা হবে।
বেনাপোলের শুল্ক বিভাগের কর্মকর্তারা জানান, ধর্মঘট প্রত্যাহারের পর বিকেল চারটা পর্যন্ত ভারত থেকে ৩৪টি পণ্যবাহী ট্রাক ও ১১৪টি গাড়ির চেচিস আমদানি হয়েছে। বাংলাদেশ থেকে পণ্যবাহী তিনটি ট্রাক ভারতে গেছে। তবে বেনাপোল সীমান্তে ১৯৭টি ও পেট্রাপোলে এক হাজারের মতো ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
জানতে চাইলে বেনাপোল স্থলবন্দর শুল্ক ভবনের সহকারী কমিশনার নুরুল বাসির বলেন, বেনাপোল বন্দরে রপ্তানির জন্য দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাকের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য, সুপারি ও সিসা জাতীয় পণ্যই বেশি। আর পেট্রাপোলে আমদানি পণ্যের ট্রাকে বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত ফ্রেমের রং, রাসায়নিকসহ বিভিন্ন কাঁচামাল, শিল্পে ব্যবহৃত যন্ত্র ও যন্ত্রাংশ রয়েছে।
নুরুল বাসির জানান, তিন দিনের আমদানি-রপ্তানি বন্ধ থাকার ক্ষতি পোষাতে গতকাল বন্দরের কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। কাল শনিবার পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।