বেনাপোল বাস টার্মিনাল কবে চালু হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রীদের সেবা বৃদ্ধির জন্য বেনাপোলে নির্মিত হয়েছে আধুনিক টার্মিনাল। তবে গত এক বছরে সেটি চালু করতে পারেনি স্থলবন্দর কর্তৃপক্ষ। তাই টার্মিনাল যাত্রীশূন্য l এহসান–উদ–দৌলা
যাত্রীদের সেবা বৃদ্ধির জন্য বেনাপোলে নির্মিত হয়েছে আধুনিক টার্মিনাল। তবে গত এক বছরে সেটি চালু করতে পারেনি স্থলবন্দর কর্তৃপক্ষ। তাই টার্মিনাল যাত্রীশূন্য l এহসান–উদ–দৌলা

জিরো পয়েন্টের এক থেকে দেড় কিলোমিটার আগ থেকে দীর্ঘ যানজট। সড়কের দুই পাশে বাস দাঁড়িয়ে আছে যাত্রীদের অপেক্ষায়। যত্রতত্র ট্রাকের লম্বা সারি। ফলে সড়কের অর্ধেকটাই দখল। সে জন্য তিন-চার মিনিটের জায়গাটুকু যেতে অনেক ক্ষেত্রেই ১৫-২০ মিনিট কিংবা আধা ঘণ্টাও লাগছে।

যশোরের বেনাপোল স্থলবন্দরের প্রতিদিনের চিত্র এটি। তবে এই যানজট কমানো ও যাত্রীদের হয়রানি বন্ধ করতে জিরো পয়েন্ট এলাকায় বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এক কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে একটি বাস টার্মিনাল নির্মাণ করেছে। দুই তলাবিশিষ্ট এই বাস টার্মিনালে একসঙ্গে ৮০টি বাস রাখা যাবে। এ ছাড়া কমপক্ষে ১২টি বাসের কাউন্টার করার ব্যবস্থা আছে।

তবে নির্মাণকাজ শেষে গত ১৩ মাসেও এটি চালু করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। কারণ হিসেবে বন্দরের কর্মকর্তারা টার্মিনালটি ইজারা দেওয়া কিংবা ব্যবহারের নীতিমালা না হওয়াকে অজুহাত হিসেবে তুলে ধরলেন।

অবশ্য পরিবহন ব্যবসায়ীদের অভিযোগ, টার্মিনালটি চালু হলে যানজট আরও বাড়বে। কারণ, এখনো টার্মিনালের সামনের সড়কের একটি বড় অংশ ট্রাক দখল করে রাখে। তা ছাড়া আন্তর্জাতিক মানসম্পন্ন বলা হলেও কিছু ত্রুটি রয়ে গেছে। টার্মিনালে বাসের যাত্রীদের বসার জন্য একটি বড় হলঘর করা হয়েছে। তবে এটি প্রত্যেক পরিবহনের জন্য আলাদা করা না হলে যাত্রীরা দালালদের মাধ্যমে হয়রানির শিকার হবেন। তা ছাড়া বাথরুমও পর্যাপ্ত নয়। সে জন্য এখনই তাঁরা সেখানে যেতে রাজি নন।

গত মঙ্গলবার বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালের দুটি ফটকই তালাবদ্ধ। ডাকাডাকি করেও ভেতরে কাউকে পাওয়া গেল না। ফলে টার্মিনালে আর প্রবেশ করা গেল না। টার্মিনালের ফটকের সামনেই একটি ফলকে দেখা গেল, ২০১১ সালের ১৫ জানুয়ারিতে  টার্মিনালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গত বছরের আগস্টে প্যাসেঞ্জার টার্মিনালের পাশাপাশি এটিরও আনুষ্ঠানিক উদ্বোধন করে গেছেন তিনি।

জানতে চাইলে সোহাগ পরিবহনের বেনাপোল শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, নতুন টার্মিনালের সমস্যাগুলো নিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে তিন দফা বৈঠক হয়েছে। তবে এখনো কোনো সুরাহা হয়নি।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক আবদুল জলিল বলেন, ‘নীতিমালা তৈরির কাজটি শেষ পর্যায়ে আছে। এটি হয়ে গেলেই বাকি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

অবশ্য ভিন্ন তথ্য দিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোয়েজউদ্দীন আহমেদ। তিনি বললেন, টার্মিনালের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের কারণে যানজটের আশঙ্কা রয়েছে।

মোয়েজউদ্দীন আহমেদ আরও বলেন, ‘বর্তমানে জিরো পয়েন্ট দিয়ে যে পণ্য আমদানি-রপ্তানি হয়, সেটি শিগগিরই একটু দূরে সরে যাবে। কারণ, পেট্রাপোলে একটি বন্দর নির্মাণ করছে ভারত সরকার। সে জন্য আমরা নতুন সড়ক নির্মাণ করব। বাজেটে বরাদ্দও দেওয়া হয়েছে। বর্ষার পরই কাজ শুরু হবে।’