বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন ধরে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তে প্রায় এক হাজার ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আটকা পড়েছে।
উভয় দেশের স্থলবন্দরের কার্যক্রমে অচলাবস্থার কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। যেসব পণ্য আটকা পড়েছে তার বেশির ভাগই শিল্পের কাঁচামাল।
বেনাপোল স্থলবন্দরভিত্তিক বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ট্রাক পার্কিং চার্জ সম্প্রতি বাড়ানো হয়েছে। পণ্যবাহী চার চাকা লরির (ট্রাক) প্রতিদিনের পার্কিং চার্জ ৮০ রুপি থেকে বাড়িয়ে ২৭০ রুপি আর ১৬ চাকা লরির (ট্রাক) পার্কিং চার্জ ১২০ রুপি থেকে বাড়িয়ে ৫৬০ রুপিতে নির্ধারণ করা হয়েছে।
এর প্রতিবাদে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে গত সোমবার থেকে সেখানে ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ধর্মঘট কর্মসূচি পালন সংগঠনের নেতাদের বৈঠক হলেও কোনো রকম সমঝোতা হয়নি। কখন এ সমস্যার সমাধান হবে তা কেউ বলতে পারছেন না।
বেনাপোল বন্দরে এখন দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাকগুলোতে পাট ও পাটজাত দ্রব্য, সুপারি ও সিসা-জাতীয় পণ্য রয়েছে। আর পেট্রাপোলে আটকে থাকা বাংলাদেশমুখী ট্রাকগুলোতে রয়েছে তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত ফেব্রিকস, রং, রাসায়নিকসহ বিভিন্ন ধরনের কাঁচামাল এবং নানা রকমের যন্ত্র ও যন্ত্রাংশ।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল স্থলবন্দর শুল্ক ভবনের সহকারী কমিশনার মো. নুরুল বাসির প্রথম আলোকে বলেন, পেট্রাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মসূচির কারণে দুই দেশের মধ্যে দুই দিন ধরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোলের অভ্যন্তরে শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
নুরুল বাসির জানান, গতকাল বেলা তিনটা পর্যন্ত বেনাপোল শুল্ক বিভাগ থেকে ১৫০টি পণ্যবোঝাই ট্রাকের শুল্কায়ন কাজ শেষ করা হয়েছে। ওই ট্রাকগুলো ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে। পেট্রাপোল কাস্টমস বিভাগের একজন সহকারী কমিশনারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি। তবে বিদ্যমান পরিস্থিতির উন্নয়ন সম্পর্কে কোনো ধারণা তিনি দিতে পারেননি।
জানতে চাইলে ভারত-বাংলাদেশ বণিক সমিতির আমদানি-রপ্তানি উপকমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, বেনাপোল ও পেট্রাপোলের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য ভারত সরকার একটি লিংক রোড বা সংযোগ সড়ক নির্মাণ করেছে। যে কারণে পেট্রাপোল বন্দর এলাকায় ইন্টিগ্রেটেড চেকপোস্টে আমদানি-রপ্তানি পণ্যের ট্রাক পার্কিং চার্জসহ বিভিন্ন সার্ভিস চার্জ হঠাৎ করে বাড়িয়েছে সেখানকার বন্দর কর্তৃপক্ষ। বর্ধিত চার্জ কমানো ও সড়কের একটি অংশটি প্রশস্ত করার দাবিতে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ধর্মঘট কর্মসূচি পালন করছে। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমঝোতা হয়নি।
বেনাপোল শুল্ক ভবন সূত্রে জানা গেছে, সাধারণত এই সীমান্ত দিয়ে প্রতিদিন ৫০০ ট্রাকের মতো পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। এতে সরকারের দৈনিক ১২ থেকে ১৫ কোটি টাকার রাজস্ব আয় হয়।