বেনাপোল স্থলবন্দরের পণ্য গুদাম যেন জোড়াতালির সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোল স্থলবন্দরে পণ্য রাখার জায়গার তীব্র সংকট। গুদামের সামনের সড়কে তাই পণ্যবাহী ভারতীয় ট্রাকের লম্বা লা​ইন। ছবিটি গত সপ্তাহে তোলা l প্রথম আলো
বেনাপোল স্থলবন্দরে পণ্য রাখার জায়গার তীব্র সংকট। গুদামের সামনের সড়কে তাই পণ্যবাহী ভারতীয় ট্রাকের লম্বা লা​ইন। ছবিটি গত সপ্তাহে তোলা l প্রথম আলো

দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোলে আমদানি-রপ্তানি পণ্য রাখার স্থানের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্দরের গুদাম থেকে পণ্য বের করার পর নতুন পণ্য ঢোকাতে হচ্ছে। জায়গার এ সংকটের কারণে পণ্যবোঝাই ট্রাক বন্দরের আঙিনায় দাঁড়িয়ে থাকছে দিনের পর দিন। ট্রাক থেকে পণ্য নামানোর অনুমতি মিললেও ক্রেন মিলছে না। ফলে জায়গা ও ক্রেন সংকটে বিপাকে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা।
বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দরের গুদাম ও আঙিনায় (শেড ও ইয়ার্ড) ৪৭ হাজার মেট্রিক টন পণ্য রাখার ধারণক্ষমতা রয়েছে। গত মে মাসের হিসাব অনুযায়ী, ৫০ হাজার ৩৫১ মেট্রিক টন পণ্য ছিল গুদাম ও আঙিনায়। অনেক সময় এর চেয়েও বেশি পণ্য রাখতে হয় হয় বলে​ও অভিযোগ রয়েছে।
২১ জুন বন্দরের গুদাম ও আঙিনায় সরেজমিনে দেখা গেছে, ১০ নম্বর গুদামের সামনে ভারত থেকে আসা তুলাবোঝাই পাঁচটি ট্রাক দাঁড়িয়ে আছে। ভেতরের পণ্য বের হলে তারপর এসব ট্রাকের পণ্য নামানোর কথা। এর আগের দিন সকাল থেকে তুলাভর্তি এসব ট্রাক সেখানে আসতে শুরু করে। ১১, ২৩, ২৫ ও ২৬ নম্বর গুদামের সামনে একইভাবে পণ্যবোঝাই অন্তত ৫০টি ট্রাক ঠাঁই দাঁড়িয়ে রয়েছে।

বন্দরের ১১ নম্বর গুদামের ইনচার্জ ফারুক হাসান প্রথম আলোকে বলেন, পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত পাঁচটি ক্রেনের মধ্যে দুটি সচল রয়েছে। ওই দুটি দিয়েই কোনোরকমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। ক্রেন সংকটের কারণে রাত ১২টা পর্যন্তও কাজ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা ক্রেন পেলেও গুদামে আর জায়গা থাকছে না। তখন বসে থাকতে হচ্ছে, ভেতরের পণ্য বের না হওয়া পর্যন্ত।   

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ৩৬ হাজার টন ধারণক্ষমতার বন্দরে প্রতিদিন ৮০ হাজার থেকে ১ লাখ টন পণ্য ওঠানো-নামানো হয়। এসব পণ্য ওঠানো-নামানোর জন্য ন্যূনতম সাতটি ক্রেন প্রয়োজন। সেখানে দুটি ক্রেন সচল রয়েছে। প্রতিদিন অন্তত ২০০টি ট্রাক পণ্য ওঠানো-নামানোর জন্য দাঁড়িয়ে থাকে। বন্দরের জায়গা ও ক্রেন সমস্যার সমাধান না করলে বেনাপোল বন্দর থেকে ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে যাবেন।

বেনাপোল স্থলবন্দরের পণ্য ওঠানো-নামানোর জন্য ২০১০ সালের ২১ মার্চ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঢাকার মহাখালীর মেসার্স এসআইএস লজিস্টিক্যাল সিস্টেমের (জেভি) পাঁচ বছর মেয়াদি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পাঁচটি ক্রেন দিয়ে পণ্য ওঠানো-নামানোর কাজ করার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে তিনটি ক্রেন অকেজো হয়ে পড়ে আছে।

বারবার তাগিদ দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তাতে সাড়া দিচ্ছে না। বিষয়টি জানিয়ে গত ২৫ মে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বাস্থবক) কাছে একটি চিঠি দিয়েছেন।

জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বেনাপোল প্রতিনিধি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইঞ্জিনের বিষয় তো, মাঝেমধ্যে সমস্যা হতে পারে। আমরা সব ক্রেন ঠিক করে দিচ্ছি।’

বন্দরে জায়গা সংকটের ব্যাপারে জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের পরিচালকের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক আবদুল জলিল বলেন, ‘আধুনিক দুইটা শেড করার জন্য ১২০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। শেডগুলো হলে জায়গার কোনো সংকট থাকবে না। ক্রেনের সংকট মেটানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার জানানো হচ্ছে। কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে না। এ বিষয়ে স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।’