বেনাপোলে পণ্য বহনের ট্রাক-সংকট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটি আসছে। তার আগে দুর্গাপূজার ছুটি। ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের বিভিন্ন স্থলবন্দরে আমদানি–রপ্তানি বন্ধ। তাই পণ্যবাহী কিছু ট্রাক এভাবেই থাকছে। ছবিটি সোনামসজিদ স্থলবন্দরের l ফোকাস বাংলা
ঈদের ছুটি আসছে। তার আগে দুর্গাপূজার ছুটি। ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের বিভিন্ন স্থলবন্দরে আমদানি–রপ্তানি বন্ধ। তাই পণ্যবাহী কিছু ট্রাক এভাবেই থাকছে। ছবিটি সোনামসজিদ স্থলবন্দরের l ফোকাস বাংলা

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য বহনের জন্য খালি ট্রাকের তীব্র সংকট দেখা দিয়েছে। তাই ব্যবসায়ীরা বন্দর থেকে শিল্পের কাঁচামাল ঢাকার কারখানায় নিতে পারছেন না। এতে ঈদের আগ মুহূর্তে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে।
কোরবানির ঈদ সামনে রেখে যশোরের শার্শা সীমান্তের পুটখালী ও সাতমাইল গরুর হাট থেকে প্রতিদিন গড়ে ৩০০ ট্রাক গরু ঢাকায় নেওয়া হচ্ছে। ট্রাকের মালিকেরা গরু বহনে বেশি ভাড়া পাচ্ছেন। ফেরিঘাটে গরুর ট্রাক ছাড়েও অগ্রাধিকার দেওয়া হয়। যে কারণে শিল্পের পণ্য বহনে ট্রাকের মালিকদের এখন তেমন আগ্রহ নেই।
আকিজ গ্রুপের উপব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, বেনাপোল বন্দরে আকিজ গ্রুপের সিগারেট ও কোমল পানীয়র বোতল তৈরির ২২ ট্রাক কাঁচামাল পড়ে আছে। ট্রাক-সংকটের কারণে প্রতি ট্রাকের অন্তত ১০ হাজার
টাকা ভাড়া বেড়েছে। ফেরিঘাটেও তীব্র যানজট। যে কারণে শিল্পের কাঁচামাল ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। এতে উৎপাদনে খানিকটা প্রভাব পড়েছে।
বেনাপোল কাস্টম সূত্রে জানা গেছে, গত শনি থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনে ভারত থেকে ২১ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার মেট্রিক টন পণ্য বন্দরের শেডে পড়ে রয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রাক-সংকটের কারণে আমদানিকারকেরা বন্দর থেকে পণ্য নিতে পারছেন না বলে আমদানি অনেক কমে গেছে। আবার দুর্গাপূজার কারণে চলতি সপ্তাহে ভারত থেকে অন্য যেকোনো সময়ের তুলনায় কম পণ্য আমদানি করা হয়েছে। বুধবার থেকে পণ্য আমদানি একেবারে নেই বললেই চলে। যে পণ্য বন্দরে রয়েছে, এর মধ্যে বেশির ভাগই শিল্পের কাঁচামাল বলেও তিনি জানান।
বেনাপোলের মেসার্স কোহিনুর ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ বলেন, ফেরিঘাটে গরুর ট্রাক ছাড়া অন্য যেকোনো পণ্যবাহী ট্রাক আটকে থাকছে। এতে লোকসান হচ্ছে। তা ছাড়া ২০ টন পণ্য বেনাপোল থেকে ঢাকায় পৌঁছে দিলে ২৪ থেকে ২৫ হাজার টাকা পাওয়া যায়। আর গরু বহনে পাওয়া যাচ্ছে ৩৫ হাজার টাকা। যে কারণে সবাই গরু বহনের দিকে ঝুঁকেছে। তা ছাড়া ঈদ ও পূজার কারণে ঢাকায় প্রায় সব প্রতিষ্ঠান এর মধ্যে বন্ধ হয়ে গেছে। এ কারণে ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে যশোরে ফিরতে হচ্ছে। এ জন্য বেশি ভাড়া নেওয়া হচ্ছে।
মোস্তাক আহমেদ জানান, পুটখালী ও সাতমাইল গরুর হাট থেকে প্রতিদিন গড়ে ৩০০ ট্রাকে গরু ভরে ঢাকায় নেওয়া হচ্ছে। ঈদ যত কাছে আসবে, এর পরিমাণ তত বাড়তে থাকবে বলেও তিনি জানান।