বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাহত
বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তে ‘কার পাস’ প্রথা চালুর দ্বিতীয় দিনে গতকাল সোমবারও উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে ভারতীয় শুল্ক বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক গতি পেয়েছে। উদ্বোধনের পরের দিন রোববার পদ্ধতিগত জটিলতায় এবং পেট্রাপোল সীমান্তে একদল ভারতীয় যানচালক ও খালাসি কার পাস পদ্ধতির প্রতিবাদে বিক্ষোভে নেমে দুই দেশের মধ্যে পণ্যবাহী যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়ায় দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়।গতকাল সকালেও ট্রাকচালকেরা পেট্রাপোলে বিক্ষোভ দেখালে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে আমদানি-রপ্তানি বাণিজ্য। এরপর ভারতীয় শুল্ক বিভাগের কর্মকর্তারা এসে পরিস্থিতি সামাল দিলে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি হলো, এই পদ্ধতি চালু হওয়ায় তাঁরা নানা সমস্যায় পড়বেন। এখন আর কোনো যানচালক ও গাড়ির খালাসিদের মাল খালাস করে একবারেই ফিরতে হবে। অর্থাৎ মাল খালাসে বিলম্ব ঘটলে তাঁদের প্রতিবেশী দেশ ছাড়তে পারবে না। আগে মাল খালাসে বিলম্ব হলে উভয় দেশের যানচালক ও খালাসিরা নিজ নিজ দেশে ফিরতে পারতেন। সে জন্যই যানচালকেরা এ পদ্ধতি বাতিলের দাবি তুলেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যে গতিশীলতা ও পণ্য পরিবহন সহজ করার লক্ষ্যে শনিবার থেকে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তে কার পাস প্রথা উদ্বোধন করা হয়।