বেনাপোল কাস্টম হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল কাস্টম হাউসে সদ্য সমাপ্ত ২০০৯-১০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে ১৫৭ কোটি দুই লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক হাজার ৭৯৩ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে এক হাজার ৯৪০ কোটি দুই লাখ টাকা। আগের অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি ছিল ৯১ কোটি ৬৬ লাখ টাকা। কাস্টম হাউসের কমিশনার আবদুল মান্নান শিকদার প্রথম আলোকে বলেন, তদারকি ব্যবস্থা জোরদার হওয়াসহ সামগ্রিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটায় বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব ফাঁকির পরিমাণ কমেছে এবং আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।এদিকে বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে এই বন্দর দিয়ে ৩০ মেট্রিক টন তামাকজাত পণ্য রপ্তানি করা হয়েছে।তামাক চাষ নিরুৎসাহিত করার লক্ষ্যে চলতি অর্থবছর থেকে তামাকজাত পণ্য রপ্তানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এ ব্যাপারে আবদুল মান্নান শিকদার প্রথম আলোকে বলেন, দেশে উৎপাদিত পণ্য রপ্তানি উৎসাহিত করতে সাধারণত এ ক্ষেত্রে শুল্ক আরোপ করা হয় না। কিন্তু তামাক চাষ দেশের কৃষি খাতের ওপর মারাত্মক প্রভাব ফেলছে বলে চাষাবাদ নিরুৎসাহিত করতে চলতি অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্য রপ্তানিতে শুল্ক আরোপ করা হয়েছে।