দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্য আমদানি কমে গেছে। খবর বাসসের।
২০১২-১৩ অর্থবছরের প্রথম চার মাসে আমদানি হয়েছিল তিন লাখ ২৪ হাজার ৪২২ মেট্রিক টন পণ্য, আর চলতি অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছে দুই লাখ ৩১ হাজার ৮৪৭ টন পণ্য। ফলে এ সময়কালে ৯২ হাজার ৯৭৫ টন পণ্য কম আমদানি হয়েছে।
একাধিক কারণে এ আমদানি কমেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। যেমন, দেশে কৃষিপণ্যের ফলন ভালো হওয়ায় এ খাতে আমদানি কমেছে।
আবার কাস্টমস কর্মকর্তারা জানান, রাজনৈতিক অস্থিরতা ও হরতালের প্রভাবে আমদানি কম হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন, বর্তমান রাজনৈতিক অবস্থার পাশাপাশি বন্দরের শেড থেকে পণ্য চুরি ও কাস্টমস বিভাগের হয়রানির কারণে অনেকে এ বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাওয়ায় এখানে পণ্য আমদানি কমে এসেছে।
বেনাপোল কাস্টম সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই মাসে আমদানি হয়েছে ৭১ হাজার ২৫৫ টন, আগস্টে ৩৯ হাজার ৭৮৬ টন, সেপ্টেম্বর মাসে ৬৩ হাজার ৪৭৯ টন এবং অক্টোবর মাসে ৫৭ হাজার ৩২৭ টন পণ্য। এ ছাড়া এ অর্থবছরের ৯২ কর্মদিবসের মধ্যে ৩২ দিন বন্দর নানা কারণে অচল ছিল।