বেনাপোল দিয়ে বাণিজ্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের কলমবিরতি কর্মসূচির কারণে গতকাল মঙ্গলবার সকাল থেকে এ বাণিজ্য বন্ধ আছে।
ফলে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে অন্তত পাঁচ শতাধিক ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। বাংলাদেশে অবরোধ আর ভারতের পেট্রাপোল বন্দরে কলমবিরতি কর্মসূচিতে নাকাল অবস্থায় পড়ছেন ব্যবসায়ীরা। তাঁরা শিগগিরই সমস্যার সমাধান করে ব্যবসার পরিবেশ সৃষ্টির দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল শুল্প বিভাগের রাজস্ব কর্মকর্তা ইদ্রিস আলী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘পণ্য আমদানি-রপ্তানির জন্য আমরা প্রস্তুতি নিয়ে সকাল থেকে বসে আছি। ১০টার দিকে খবর এল পেট্রাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট সংগঠনের নেতারা কলমবিরতির ডাক দিয়েছেন।’
বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, টানা অবরোধের কারণে এমনিতেই বন্দরে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। দ্বিগুণ খরচে ঝুঁকি নিয়ে আমদানি পণ্য ঢাকায় পাঠাতে হচ্ছে। এর মধ্যে আবার পেট্রাপোল বন্দরের ধর্মঘটে একেবারে নাকাল অবস্থায় পড়তে হচ্ছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানান তিনি।