বেনাপোল-পেট্রাপোল সাত দিন আপাতত খোলা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য পরিবহনের জন্য আপাতত বেনাপোল-পেট্রাপোল সীমান্ত সপ্তাহের সাত দিনই খোলা রাখা সম্ভব হচ্ছে না। মূলত অবরোধ-হরতালসহ সহিংস রাজনৈতিক কর্মসূচির জন্য আপাতত বেনাপোল স্থলবন্দর শুক্রবারসহ সপ্তাহের সব দিন খোলা রাখতে পারছে না বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর কারণ হিসেবে জানা গেছে, হরতাল-অবরোধের দিনে কোনো আমদানিকারক পণ্য খালাস করে বন্দর থেকে নিয়ে যাচ্ছেন না। এর ফলে বেনাপোল স্থলবন্দরে পণ্যের জট তৈরি হচ্ছে। তাই শুক্রবার খোলা রাখা হলে এই জট আরও বাড়বে বলে মনে করছেন শুল্ক কর্মকর্তারা।
এর আগে গত অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠিত নবম বাংলাদেশ-ভারত যৌথ শুল্ক দলের বৈঠকে সিদ্ধান্ত হয়, বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সপ্তাহের সব দিনই আমদানি ও রপ্তানি করা যাবে। রাষ্ট্রীয় ছুটি ছাড়া প্রতিদিনই খোলা থাকবে এই স্থলবন্দর। কোনো সাপ্তাহিক ছুটি থাকবে না। বর্তমানে এই দুটি বন্দর শুক্রবার বন্ধ থাকে।
ইতিমধ্যে ভারতের শুল্ক কর্তৃপক্ষ ১ জানুয়ারি থেকে ভারতের অংশে পেট্রাপোল স্থলবন্দর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দর শুক্রবার খোলা রাখতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু এনবিআরের পক্ষ থেকে বলা হয়, বেনাপোল ও পেট্রাপোল শুল্কস্টেশনের কাস্টমস কমিশনার একসঙ্গে বৈঠক করে দিনক্ষণ চূড়ান্ত করবেন। আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে সপ্তাহের সাত দিন বেনাপোল খোলা রাখা সম্ভব হবে বলে ভারতীয় শুল্ক কর্তৃপক্ষকে জানানো হয়।
এদিকে সপ্তাহের সাত দিন বা শুক্রবার বেনাপোল স্থলবন্দর খোলা রাখার ব্যাপারে এনবিআরের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। প্রসঙ্গত, হরতাল-অবরোধে পণ্যজট কমাতে ডিসেম্বর পর্যন্ত বিশেষ ব্যবস্থায় শুক্রবার বেনাপোল স্থলবন্দর খোলার জন্য নির্দেশ দিয়েছে এনবিআর। সেই সময়সীমাও ইতিমধ্যে শেষ হয়েছে।
কয়েক দিন আগে ভারতীয় দৈনিক পত্রিকা বিজনেস লাইন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকার ১ জানুয়ারি (গতকাল) থেকে পেট্রাপোল শুল্কস্টেশন সপ্তাহের সাত দিনই খোলা থাকার ঘোষণা দেয়। মূলত সীমান্তের দুই প্রান্তে পণ্যবাহী ট্রাকের জট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বেনাপোল স্থলবন্দরও খোলা থাকবে বলে প্রতিবেদনে বলা হয়। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী কে এস রাওয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় এই উদ্যোগ নেয়।
প্রতিবেদনে পশ্চিমবঙ্গের বনগাঁওভিত্তিক রপ্তানিকারক কার্তিক চক্রবর্তীকে উদ্ধৃত করে বলা হয়, সপ্তাহের সাত দিন খোলা রাখতে হলে উভয় প্রান্তের শুল্কস্টেশনে ব্যাপক অবকাঠামো উন্নয়ন করতে হবে। অবকাঠামো না থাকায় উভয় দেশেই পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। এ জন্য পুলিশের নিরাপত্তাব্যবস্থা আরও সুসংহত করতে স্থলবন্দর থানা থাকা উচিত। তাঁর মতে, ভারতীয় অংশে সাত দিন খোলা রাখলে কাজ হবে না, এ জন্য বাংলাদেশকেও একই উদ্যোগ নিতে হবে।
ইতিমধ্যে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সহজ করার লক্ষ্যে কারপাস ব্যবস্থা চালু করা হয়েছে। এ ছাড়া গত অক্টোবর মাসে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ শুল্ক দলের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, দুই দেশের সব স্থলবন্দর ও শুল্কস্টেশন এখন থেকে প্রতিদিন একই সময়ে খোলা হবে। আবার একই সময়ে বন্ধ হয়ে যাবে। দুই দেশের স্থানীয় সময়ের তারতম্যের প্রতিদিন এক কার্যঘণ্টা কমে যায়। এ ছাড়া ভারতের স্থলবন্দর দিয়ে প্রতিটি চালানে কতটি পণ্যবাহী ট্রাক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে, তা এ দেশের স্থলবন্দরে কর্মরত শুল্ক কর্মকর্তাদের আগে জানাতে হবে। একইভাবে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে কতটি পণ্যবাহী ট্রাক গেল, তাও ভারতীয় কর্তৃপক্ষকে আগে জানাতে হবে।