বেনাপোল-পেট্রাপোল সীমান্তে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারতের সীমান্ত বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দরে তীব্র পণ্যজটের সৃষ্টি হয়েছে। তিন দিন ধরে দুই পাড়ে সাড়ে ছয় শ ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ফলে ব্যবসায়ীদের প্রতিদিন ট্রাকপ্রতি দুই থেকে আড়াই হাজার টাকা অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে। বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে ভারতীয় অংশে ৪৫৬টি ও বাংলাদেশ অংশে ১৯৩টি ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইমতিয়াম আহমেদ প্রথম আলোকে বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে রপ্তানির যাবতীয় প্রক্রিয়া শেষ করে পণ্য খালাস করতে ছয় ঘণ্টার বেশি সময় লাগে না। অথচ অপরিকল্পিত রপ্তানি ব্যবস্থার কারণে পণ্য খালাস করতে দুই থেকে তিন দিন সময় লেগে যাচ্ছে। বেনাপোলের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘পণ্যবাহী ট্রাক এক দিন দাঁড়িয়ে থাকলে ন্যূনতম দুই হাজার টাকা ও পণ্যের জন্য বন্দর কর্তৃপক্ষকে ১০০ টাকা করে অতিরিক্ত মাশুল দিতে হয়। তা ছাড়া সময়ের অপচয় তো রয়েছেই।’মতিয়ার অভিযোগ করে বলেন, ভারতের কাস্টম কর্তৃপক্ষ রপ্তানি পণ্যের সাময়িক শুল্কায়ন করে ট্রাকগুলো ছেড়ে দিলে এমন ক্ষতি হতো না। বিষয়টি সুরাহা করার জন্য পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে ভারতের ওয়্যার হাউজিং কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি আমলেই নিচ্ছে না। এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মাসুদ সাদিক প্রথম আলোকে জানান, সাময়িক শুল্কায়ন করলে পণ্য রপ্তানি প্রক্রিয়ার গতি দ্রুত হয়। কিন্তু এটি ভারতের কাস্টম কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রশ্ন। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টির সমাধান করতে হবে। তবে পেট্রাপোলের কাস্টম হাউস কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া সুপারির ট্রাক আটকে রেখে ভারতের কাস্টম হাউস কর্তৃপক্ষ শুল্কায়নসহ সমস্ত পরীক্ষা-নিরীক্ষার কাজ করছে। অথচ আমরা ভারত থেকে আমদানিকৃত পণ্যের কোনো ট্রাক আটকে রাখি না। সাময়িক শুল্কায়নের মাধ্যমে পণ্য রেখে ট্রাক ছেড়ে দিই। পরীক্ষা-নিরীক্ষায় আমদানি পণ্যের ঘোষণায় হেরফের ধরা পড়লে মাশুল আদায় করা হয়। ব্যবসায়ীদের আরও অভিযোগ, বেনাপোল বন্দরে রপ্তানি পণ্য রাখার জায়গার সংকটের কারণে রাস্তার ওপর ট্রাক রাখতে হচ্ছে। এতে বন্দর এলাকার অন্তত পাঁচ কিলোমিটারে তীব্র যানজট-জনযটের সৃষ্টি হয়েছে। বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকৃত পণ্য রাখার জন্য ৪২টি শেড (গুদাম) ও তিনটি খোলা আঙিনা রয়েছে। অথচ রপ্তানি পণ্য রাখার জন্য রয়েছে একটি মাত্র শেড। যেখানে ৭০-এর বেশি ট্রাক রাখা যায় না। যে কারণে বন্দর থেকে যশোর-বেনাপোল সড়কে অন্তত তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত তীব্র যানযট লেগে থাকছে। তবে বেনাপোল স্থলবন্দরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভারতের পণ্য আমদানি ব্যবস্থাপনা সংশোধন না করা পর্যন্ত এ সমস্যার সমাধান হবে না। বেনাপোলে রপ্তানি পণ্য রাখার জায়গার কিছুটা সংকট থাকলেও তা ততটা প্রকট নয় বলে তাঁর দাবি।