বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের পেট্রোপোল বন্দরে শ্রমিক নিহত হওয়ার জের ধরে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ শনিবার সকাল নয়টা থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বন্দর সূত্র জানায়, আজ সকালে ভারতের পেট্রাপোল বন্দরে একটি ট্রাকের ধাক্কায় বন্দরের এক শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে পেট্রাপোল বন্দরের শ্রমিকেরা সকাল থেকে কাজ বন্ধ করে বন্দরের মূল সড়কে অবরোধ করেন। এ সময় তাঁরা বিক্ষোভ করেন। ফলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বেনাপোল বন্দরের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. ইদ্রিস প্রথম আলোকে বলেন, রপ্তানি পণ্য বোঝাই ৮০টি ট্রাক সকালে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, আমদানির অপেক্ষায় ওপারে অন্তত ৩০০টি এবং এপারে শ খানেক ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। তবে কতক্ষণ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।