বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিকদের আন্দোলনের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে যায়। এ কারণে বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে পণ্যবোঝাই হাজার খানেক ট্রাক আটকা পড়েছে। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের।
ব্যবসায়ীদের মাধ্যমে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পেট্রাপোল বন্দরের শ্রমিকদের চলাচলের পথ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ওই পথ খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা পেট্রাপোলে আন্দোলন করছেন।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান প্রথম আলোকে বলেন, ভারতের পেট্রাপোল সীমান্তে শ্রমিকদের আন্দোলন চলছে। এ কারণে দুপুর সাড়ে ১২টা থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস প্রক্রিয়াসহ যাবতীয় কাজ স্বাভাবিক রয়েছে।