বেনাপোল বন্দর দিয়ে ২৬ ঘণ্টা পর শুরু আমদানি-রপ্তানি
২৬ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরের কাস্টমস অফিসে ইন্টারনেট লিংক সমস্যার কারণে সোমবার দুপুর ১২টা থেকে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। তবে, যেসব ট্রাক আগেভাগেই পণ্যের ছাড়পত্র নিয়েছিল, সেগুলো বেনাপোল বন্দরে ঢুকেছে। খবর বাসসের।পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, কাস্টমস অফিসের ইন্টারনেট নেটওয়ার্ক সমস্যার কারণে কয়েক দিন ধরেই আমদানি-রপ্তানিকারকেরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। আর সোমবার ইন্টারনেট নেটওয়ার্কে পুরোপুরি বিপর্যয় ঘটে। কলকাতা থেকে লোক এসে মঙ্গলবার ওই সমস্যার সমাধান করে দেন। তবে এরই মধ্যে পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়েছে এবং বেনাপোল স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।