বেনাপোল বন্দরে আমদানি করা দুই ট্রাক পণ্যের হদিস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল বন্দরে প্রায় চার সপ্তাহ ধরে ভারত থেকে আমদানি করা দুই ট্রাক পণ্যের কোনো হদিস মিলছে না। এমনকি বন্দরের চেকপোস্ট বা তল্লাশি চৌকির কার্গো শাখায় গাড়ি প্রবেশের ক্রু মেনিফেস্ট বা চালানও খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কার্গো শাখার কর্মকর্তাদের কর্তব্যে অবহেলার কারণে ওই পণ্য পাচার হয়ে যাওয়ার প্রমাণ পাওয়ায় ইতিমধ্যে চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যাঁদের বরখাস্ত করা হয়েছে: কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (পরিদর্শক) নূরুল হক ও দেবাশীষ কুণ্ডু, উপপরিদর্শক (সাব-ইন্সপেক্টর) আবদুল মালেক এবং কাস্টমসের সিপাহি আসাদুর রহমান। তবে বরখস্তের আগের দিন (গত সোমবার) দেবাশীষ কুণ্ডুকে দর্শনা কাস্টমস শুল্ক স্টেশনে বদলি করা হয়েছে। কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই ভারত থেকে ডব্লিউবি-১১-৬৪৬৬ ও ডব্লিউবি-২৫বি-০৯৬৩ নম্বরধারী দুটি ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসে। ট্রাকের মালামাল বেনাপোল বন্দরে খালাস করে ট্রাকের চালকেরা কার্গো শাখায় ক্রু মেনিফেস্টের কাগজপত্র জমা দিয়ে খালি ট্রাক নিয়ে ভারতে ফিরে যান। কিন্তু দিনের শেষে কার্গো শাখায় ওই দুটি ট্রাকের ক্রু মেনিফেস্ট খুঁজে পাওয়া যায়নি।বন্দরের একজন কর্মকর্তা জানান, একটি চক্র এ দুটি ট্রাকের শুল্ক জমা না দিয়েই বন্দর থেকে ওই পণ্য পাচার করে নিয়ে গেছে। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ খাতাপত্র পর্যালোচনা করে দেখতে পেয়েছে, দুটি ট্রাকে যে পরিমাণ পণ্য আনা হয়েছিল তাতে সরকারের প্রায় কোটি টাকার রাজস্ব আদায় হতো।নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের একজন কর্মকর্তা জানান, ২০০৯-১০ অর্থবছরে এভাবে অর্ধশতাধিক ট্রাকে পণ্য পাচার হয়েছে। এসব পাচারের ঘটনায় কাস্টমসের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও জড়িত বলে তিনি জানান। এ ব্যাপারে জানতে চাইলে কাস্টমস কমিশনার আবদুল মান্নান শিকদার প্রথম আলোকে বলেন, ‘কর্তব্যে অবহেলার কারণে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এরপর আপনাদের এসব নিয়ে লিখতে বলা হয়নি বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।’বরখাস্ত হওয়া পরিদর্শক দেবাশীষ কুণ্ডু প্রথম আলোকে বলেন, ‘ক্রু মেনিফেস্ট জমা নেওয়ার দায়িত্ব সাব-ইন্সপেক্টর ও সিপাইয়ের। সেখানে আমাকে কেন বরখাস্ত করা হয়েছে, সেটি আমি বুঝতে পারছি না।’বরখাস্ত হওয়া উপপরিদর্শক আবদুল মালেক বলেন, ‘খাতায় ক্রু মেনিফেস্ট এন্ট্রি করে অফিসারদের কাছে সিপাইকে দিয়ে সেটি পাঠিয়ে দেওয়া হয়। আমি সিপাইকে দিয়ে পাঠিয়েও দিয়েছিলাম। অফিসারদের ওখান থেকেও সেটি হারিয়ে যেতে পারে।’