বেনাপোল বন্দরে পণ্যের স্তূপ

তিন দিনের পরিবহন ধর্মঘটের কারণে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যের স্তূপ জমেছে। বন্দরে পড়ে থাকা পণ্যের মধ্যে বেশির ভাগই শিল্পের কাঁচামাল। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের যন্ত্র ও যন্ত্রাংশ, রং, তুলা, কাপড়, রাসায়নিক ও শিশুখাদ্য।
এদিকে বেনাপোল বন্দর থেকে পণ্য বের না হওয়ায় ব্যবসায়ীরা আমদানি করা পণ্যের ট্রাক বন্দরে ঢোকানো অনেকটা কমিয়ে দিয়েছেন। ফলে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে পেট্রাপোল পর্যন্ত পণ্যবোঝাই অন্তত সাত হাজার ট্রাক লাইনে দাঁড়িয়ে রয়েছে। যার মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীদের।
বেনাপোল বন্দর সূত্র জানায়, গত তিন দিনে ভারত থেকে ৬৫৪ ট্রাক পণ্য আমদানি ও বাংলাদেশ থেকে ১৫২ ট্রাক পণ্য রপ্তানি করা হয়েছে। ধর্মঘটের মধ্যে আমদানি করা পণ্য থেকে ২০০ ট্রাকের মতো পণ্য বন্দর থেকে খালাস হয়েছে। অবশ্য স্বাভাবিক সময়ে আমদানি, রপ্তানি ও পণ্য খালাস অন্তত তিন গুণ বেশি হয়।
বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, ‘৩৬ হাজার মেট্রিক টন পণ্য ধারণক্ষমতার শেড ও ইয়ার্ডে (গুদাম ও খোলা আঙিনা) অন্তত এক লাখ মেট্রিক টন পণ্য রাখা হচ্ছে। বন্দরের কোথাও তিল রাখার জায়গা পর্যন্ত নেই। সে জন্য ভারতের দিকে অন্তত সাত হাজার ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে।
মফিজুর রহমান বলেন, অপেক্ষারত সব ট্রাকের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিদিন মাশুল গুনতে হচ্ছে, যা পরোক্ষভাবে ভোক্তার ঘাড়েই পড়ছে। অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার না হলে বন্দরে অচলাবস্থার সৃষ্টি হবে। শিল্পের উৎপাদন ব্যাহত হবে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বেনাপোল স্থলবন্দরে আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও রপ্তানি কমে গেছে। বন্দর থেকে ব্যবসায়ীরা পণ্য খালাস করে নিতে পারছে না।