বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা পণ্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ২৩ লাখ ৪৮ হাজার টাকার পণ্য আটক করা হয়েছে। সেই সঙ্গে এসব পণ্যবোঝাই একটি ট্রাকও আটক করা হয়। জানা গেছে, বেনাপোলের হামিদা ট্রেডার্সের নামে আমদানি করা এসব পণ্যে নয় লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।স্থলবন্দর সূত্রমতে, ভারত থেকে ৪২ হাজার টাকা মূল্য দেখিয়ে এক হাজার ২০০ জোড়া লেডিস (মহিলা) স্যান্ডেল আমদানির ঘোষণা দেওয়া হলেও কার্যত আনা হয়েছে সাত টন ওজনের গাড়ির বিয়ারিং, পুরুষ ও মহিলাদের এক হাজার ৮০০ জোড়া জুতা-স্যান্ডেল এবং দুই হাজার ১০০ জুতা-স্যান্ডেলের সোল। বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার মুশফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এসব পণ্য জব্দ করে। পণ্যগুলো কাস্টম হাউসের গুদামে জমা রাখা হয়েছে।মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ৭ আগস্ট পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাক (নম্বর ডই-২৫অ-৩৪৩৬) বন্দরের শেডে না রেখে রাস্তার ওপর রাখা হয়। তিন দিন ধরে ট্রাকটি সেখানেই পড়ে ছিল। এতে সন্দেহ হওয়ায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে কাউকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ ট্রাকের মালিকানা দাবি করেননি।ট্রাকসহ জব্দকৃত পণ্যের মোট মূল্য ৩৩ লাখ ৪৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে মুশফিকুর রহমান জানান।