বেনাপোল বন্দরে রাজস্ব আদায়ের ঘাটতি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল স্থলবন্দরে রাজস্ব আদায়ের ঘাটতি বেড়েই চলেছে। সরকারের শেষ সময়ের দুই বছরে আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ঘাটতি পড়েছে শত কোটি টাকা। অথচ সরকারের প্রথম দিকের বছরগুলোতে লক্ষ্যমাত্রার অতিরিক্ত শত কোটি টাকা করে রাজস্ব আদায় হয়েছে। এ ঘাটতির জন্য সীমান্তে চোরাচালানি বেড়ে যাওয়া এবং শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন বন্দর-সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত অর্থবছরে (২০১২-১৩) এ বন্দরে ৪০০ কোটি টাকা রাজস্ব আদায়ের ঘাটতি রয়েছে। আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৬২০ কোটি টাকা। সেখানে অর্জন হয়েছে দুই হাজার ২২০ কোটি টাকা। এর মধ্যে পরবর্তী সময়ে পরিশোধিত (ডেফার্ড পেমেন্ট) ধরা আছে ৫০ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে ঘাটতি ছিল ১১২ কোটি টাকা। আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৪২৫ কোটি টাকা। অর্জিত হয় দুই হাজার ৩১৩ কোটি টাকা। অথচ এর আগের দুই অর্থবছরে লক্ষ্যমাত্রার অতিরিক্ত শত কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০১০-১১ অর্থবছরে ৭৬ কোটি ও ২০০৯-১০ অর্থবছরে ১৫৭ কোটি টাকা অতিরিক্ত আদায় হয়। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতায় হরতাল-ধর্মঘট, শ্রমিক অসন্তোষে অবরোধ-ধর্মঘট, ভারতের পেট্রাপোলের যান্ত্রিক সমস্যাসহ স্থানীয় বিভিন্ন কারণে বড় বড় আমদানিকারক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এ বন্দর দিয়ে পণ্য আমদানির আগ্রহ হারিয়ে ফেলেছেন। যার জন্য তারা দেশের অন্য বন্দর দিয়ে পণ্য আমদানি করছেন। তা ছাড়া অধিক শুল্কের ফেব্রিক্স, শাড়ি, থ্রি-পিসের আমদানিও কমেছে। বৈধ পথের তুলনায় এখন অবৈধ পথে এসব পণ্য বেশি আনা হচ্ছে বলে পত্র-পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি।’ যুগ্ম কমিশনার আকবর হোসেন বলেন, গত এক বছরে হরতাল-অবরোধ ও ধর্মঘটের কারণে বন্দরের ৮০ কর্মদিবস নষ্ট হয়েছে। গড় হিসাবে বেনাপোল বন্দরে প্রতিদিন ১০ কোটি টাকা রাজস্ব আদায় হয়। কর্মদিবসগুলো নষ্ট না হলে এ ঘাটতি পূরণ করেও অতিরিক্ত রাজস্ব আদায় করা সম্ভব হতো বলে তিনি জানান।