বেনাপোল ও পেট্রাপোল সমন্বিত তল্লাশিচৌকির (চেকপোস্ট) সুফল পাওয়ার জন্য যশোরের বেনাপোল স্থলবন্দর এখনো প্রস্তুত নয়। বাংলাদেশের সবচেয়ে বড় এই স্থলবন্দরের সম্প্রসারণ ও উন্নয়নকাজ এখনো শুরুই করা হয়নি। ব্যবসায়ী নেতারা এমন মন্তব্য করেছেন।
গত ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল ও পেট্রাপোল সমন্বিত তল্লাশিচৌকির উদ্বোধন করেন।
২৩ জুলাই সরেজমিনে দেখা গেছে, সীমান্তের শূন্যরেখার ওপর দিয়ে চার লেনের সড়ক বেনাপোল ও পেট্রাপোল বন্দরের ভেতরে ঢুকেছে। শূন্যরেখার দুই দেশের সীমানায় দুটি তল্লাশি-ফটক রয়েছে। ভারতের অংশে ফটকসহ সমন্বিত তল্লাশিচৌকির কাজ সম্পন্ন করে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। তবে বাংলাদেশ অংশের ফটকের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। আর ফটক থেকে অভ্যন্তরে প্রায় ১০০ গজ চার লেন সড়ক নির্মাণ করা হয়েছে। দেড় কিলোমিটার দুই লেনই রয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সমন্বিত তল্লাশিচৌকির সুফল পাওয়ার জন্য যতটা দরকার, বেনাপোল বন্দরকে ততটা প্রস্তুত করা হয়নি। ভারতের অংশে চেকপোস্টের পাশে ‘১০০ একর’ জমিতে পণ্যবাহী ও খালি ট্রাক রাখার বিরাট টার্মিনাল করা হয়েছে। তল্লাশিচৌকির সড়কটি চার লেনে উন্নীত করা হয়েছে। অথচ এ দেশের সরকার এখনো বেনাপোল স্থলবন্দর সম্প্রসারণ ও উন্নয়নকাজ শুরুই করেনি।
ভারত-বাংলাদেশ চেম্বারের আমদানি-রপ্তানি কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ভারতের অংশে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক সব সময় দাঁড়িয়ে থাকে বাংলাদেশে ঢোকার অপেক্ষায়। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ এখন প্রতিদিন ৩৫০টির মতো আমদানি পণ্যের ট্রাক নিতে পারে। তা অন্তত ৬০০-তে উন্নীত করতে হবে। সেই সঙ্গে বর্তমানে ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে। এটি ৪০০টিতে পৌঁছাতে হবে। কিন্তু সেই সক্ষমতা বেনাপোল বন্দর এখনো অর্জন করতে পারেনি। এটি করতে হলে বন্দরের কর্মঘণ্টা বাড়াতে হবে। বর্তমানে দিনে নয় ঘণ্টা কাজ চলে। তা ১২ ঘণ্টায় উন্নীত করতে হবে।
তবে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আবদুল জলিল বলেন, ‘আমাদের এখনই যে সক্ষমতা রয়েছে, তাতে দিনে ৬০০ ট্রাক পণ্য আমদানি ও ৪০০ ট্রাক পণ্য রপ্তানি করতে পারি।’
সমন্বিত তল্লাশিচৌকির সড়কটি চার লেনে উন্নীত করার জন্য গত ২৫ এপ্রিল বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেনের স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ‘ভারতীয় স্থলবন্দরের রাস্তাটি চার লেনে উন্নীত করা হয়েছে। কিন্তু বাংলাদেশের অংশে রাস্তার প্রশস্ততা না থাকায় আমদানি-রপ্তানি পণ্যের গাড়ি আসা-যাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ জন্য ৫ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের অনুরোধ করা হলো।’
২৪ জুলাই মুঠোফোনে জানতে চাইলে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আবদুল্লাহ খান বলেন, একই ছাদের নিচে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণসহ যাবতীয় কাজ সুচারুভাবে শেষ হবে। আমদানি-রপ্তানি পণ্য দিনে দিনেই ছাড় দেওয়া যাবে। কম সময়ে বেশি বাণিজ্য হবে। পণ্য আমদানি-রপ্তানি দ্বিগুণ হবে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী বলেন, সড়কটি চার লেনে উন্নীত করার জন্য প্রায় ছয় কোটি টাকা ব্যয় নির্ধারণ করে পত্রিকায় দরপত্র আহ্বান করা হয়েছে। সেপ্টেম্বরের প্রথম দিকে কাজ শুরু করা যাবে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী বলেন, বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দর উন্নয়নের জন্য এশিয়া উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ৯৮ কোটি টাকার উন্নয়নকাজ হবে বেনাপোল স্থলবন্দরে।