বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমেছে।
তবে অবরোধ বা হরতালের মধ্যেও বেনাপোল বন্দরের সব শাখাতেই প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীদের অনুরোধে গুরুত্বপূর্ণ ও পচনশীল পণ্য খালাসে সহযোগিতা দিতে এমনকি রাতে এবং বন্ধের দিনও করছে বন্দরের সংশ্লিষ্ট শাখাগুলো। কিন্তু সারা দেশের সঙ্গে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় ও হরতাল-অবরোধে পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আমদানি-রপ্তানিতে প্রভাব পড়েছে। এতে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক জানুয়ারি-মার্চে এই বন্দর থেকে সরকারের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা গেছে, ভারত থেকে এখন প্রতিদিন গড়ে এই বন্দরের মাধ্যমে দেশে ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। স্বাভাবিক সময়ে এটা ৩০০ থেকে ৩৫০ ট্রাক হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি এখন অর্ধেকে নেমে এসেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ ট্রাক পণ্য ভারতে যেত, সেখানে এখন মাত্র ৪০ থেকে ৫০ ট্রাক রপ্তানি যাচ্ছে।
আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাবের কথা স্বীকারও করেছেন কাস্টমসের যুগ্ম কমিশনার আতিকুর রহমান। তিনি বলেন, বন্দরের কাজ পুরোদমেই চলছে। তবে আমদানি-রপ্তানিকারকেরা পণ্য আনা-নেওয়া কমিয়ে দেওয়ার প্রভাবে চলতি মাসে লক্ষ্যমাত্রার চেয়ে শুল্ক আদায় ২০ কোটি টাকার মতো কম হতে পারে। এই ঘাটতি অবশ্য কাটিয়ে ওঠা সম্ভব হবে।
আতিকুর রহমান আরও বলেন, ‘চলতি অর্থবছরে এই বন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫৬৭ কোটি টাকা। তাই এখনো যে সময়টা বাকি আছে তাতে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে বলে আশা করি।’
কয়েকজন আমদানি-রপ্তানিকারক আলাপকালে প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধে সবচেয়ে বড় সমস্যা পরিবহন খরচ বেড়ে যাওয়া। আগে ১৫-২০ টন পণ্যবাহী একটি ট্রাকে প্রতি টন পণ্য পরিবহনে খরচ পড়ত ৮৫০ থেকে ৯০০ টাকা। এখন হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।
ট্রাকচালক আনিসুর বললেন, অবরোধে ঝুঁকি নিয়ে চলতে হয়। তা ছাড়া অন্য সময়ের তুলনায় ভাড়াও কম পাওয়া যায়। তাই প্রতি ট্রিপে ভাড়া বাড়িয়ে ক্ষতি পোষানো হয়। তিনি জানান, তাঁর মালিকের চারটি ট্রাকের মধ্যে প্রতিদিন গড়ে দুটি বসে থাকে। কিন্তু ব্যাংকঋণের কিস্তির টাকা তো ঠিকই দিতে হয়।
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল হোসেনের মতে, ট্রাক বাইরে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শাহাদাৎ ট্রান্সপোর্টের একটি ট্রাক আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভাড়া বেড়েছে এটা ঠিক। আবার আমদানি-রপ্তানি কমে যাওয়ায় পরিবহন খাতও মুখ থুবড়ে পড়েছে।
সরেজমিন বেনাপোল বন্দর ঘুরে দেখা গেছে, বাংলাদেশ ও ভারত দুই পাশেই ট্রাকের দীর্ঘ সারি। এর মধ্যে পণ্যবাহী ট্রাক যেমন আছে, আবার খালি ট্রাকও আছে। এই বন্দরে নিয়মিত পণ্য আনা-নেওয়ার কাজ করেন এমন কয়েকজন চালককে ট্রাকস্ট্যান্ডে বসে ‘১৬ গুটি’ খেলতে দেখা গেল। আলাপকালে তাঁরা বললেন, সব ট্রাক প্রতিদিন ভাড়া পাচ্ছে না। মাসের ১০ দিনই বসে থাকতে হয়। এতে তাঁদের আয় কমে গেছে। তাঁরা জানালেন, বন্দরকেন্দ্রিক ট্রাকের সংখ্যা কমেনি। তবে পণ্য কম আসা-যাওয়া করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
বেনাপোল বন্দর আমদানি-রপ্তানিকারক সমবায় সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল হক প্রথম আলোকে বলেন, সড়কে ঝুঁকি থাকায় ও পরিবহন খরচ অতিরিক্ত হওয়ায় আমদানি-রপ্তানিতে বেশি লাভ হয় না। সে জন্য আমদানি-রপ্তানি কমেছে।