বেনাপোল স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল থেকে সদ্য বিদায়ী ২০১০-১১ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৭২ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলোচ্য অর্থবছরে এই স্থলবন্দর থেকে দুই হাজার ২৫০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। এর বিপরীতে অর্থবছরের শেষ দিন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে দুই হাজার ৩২২ কোটি টাকা।এর মধ্যে তামাকজাত পণ্য রপ্তানি থেকে আদায় হয়েছে মাত্র এক কোটি টাকা। বাকি টাকা আদায় হয়েছে আমদানি খাত থেকে।এর আগের ২০০৯-১০ অর্থবছরে এই স্থলবন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৭৮৩ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয় এক হাজার ৯৪০ কোটি টাকা। ওই বছর ১৫৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়।কাস্টমস কর্মকর্তারা জানান, এই স্থলবন্দরে রাজস্ব আদায়ে সদ্য বিদায়ী ২০১০-১১ অর্থবছরে এর আগের ২০০৯-১০ অর্থবছরের চেয়ে ২০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।বেনাপোল স্থলবন্দরের কাস্টমস কমিশনার আবদুল মান্নান শিকদার প্রথম আলোকে বলেন, আগে একটি পণ্যের ঘোষণা দিয়ে আরেকটি পণ্য আমদানি করে শুল্ক ফাঁকি দেওয়া হতো। সেটি এখন অনেকাংশে রোধ হওয়ায় রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ছে। এ ছাড়া এই বন্দর দিয়ে ট্রাকের চেচিস, রাসায়নিক দ্রব্য, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, প্রসাধনসামগ্রী, ফেব্রিক্স ও বাইসাইকেলের আমদানি বেড়েছে। এসব পণ্য আমদানির বিপরীতে বড় অঙ্কের রাজস্ব আদায় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।