বেনাপোল স্থলবন্দরে ৯ মাসে ৪০৭ কোটি টাকার রাজস্ব ঘাটতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে বেনাপোল স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪০৭ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।হরতাল, অবরোধ ও শ্রমিক অসন্তোষের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন।বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি, শ্রমিক অসন্তোষসহ স্থানীয় বিভিন্ন ইস্যুতে এই অর্থবছরে অনেক কর্মদিবসে কাজ হয়নি। অচলাবস্থার কারণে অনেক ব্যবসায়ী অন্য বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করেছেন। বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে (জুলাই-মার্চ) বেনাপোল স্থলবন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক হাজার ৯২০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে এক হাজার ৫১৩ কোটি টাকা।শুল্ক কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরে সার্বিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বাকি তিন মাসে এক হাজার ১০৭ কোটি টাকা আদায় করতে হবে। এই অর্থবছরে এ বন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা হচ্ছে দুই হাজার ৬২০ কোটি টাকা। আগের ২০১১-১২ অর্থবছরের একই সময়ে বেনাপোল স্থলবন্দরে এক হাজার ৭৬৮ কোটি ৭৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল এক হাজার ৬৯০ কোটি। তখন ঘাটতি হয়েছিল ৭৮ কোটি ৭৫ লাখ টাকা। ফয়জুর রহমান আরও জানান, স্বাভাবিকভাবে বন্দরের কাস্টম হাউসে প্রতিদিন গড়ে ১১ কোটি টাকার রাজস্ব আদায় হয়। টানা হরতালের কারণে কোনো কোনো দিন এক কোটি টাকার রাজস্বও আদায় হয়নি।