বেনাপোল স্থলবন্দরের ১২ গুদামে শ্রমিকদের কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল স্থলবন্দরে পণ্য রাখার ১২টি গুদামে (শেড) গতকাল সোমবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি শুরু হয়েছে।শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবিতে দুটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এ কারণে বন্দরে পণ্যের তীব্র জটের সৃষ্টি হয়েছে।শ্রমিকদের কর্মবিরতি পালনের কারণে আমদানি করা শিল্পের কাঁচামাল বন্দর থেকে নিতে পারছে না বিভিন্ন প্রতিষ্ঠান। এতে শিল্পের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, খুলনার খালিদ অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান বন্দরের ১২টি শেডের পণ্য লোড-আনলোডের (ওঠানো-নামানো) কাজ পায়। ওই প্রতিষ্ঠানের কাছে শ্রমিকদের ১০ লাখ ১৫ হাজার ১০০ টাকা পাওনা রয়েছে। সাত মাস আগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দীনের উপস্থিতিতে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ছয় মাসের মধ্যে পাওনা টাকা পরিশোধ করার জন্য অঙ্গীকার করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় ৩ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে ১৫ এপ্রিল থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। এ ব্যাপারে জানার জন্য ওহিদুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।