বেনাপোলে দুই সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির ইঞ্জিন গ্যাসকিট আমদানির ঘোষণা দিয়ে ভারত থেকে পুরোনো নষ্ট কাগজপত্র এনে টাকা পাচার ও আমদানিকারকের সঙ্গে প্রতারণার অভিযোগে বেনাপোল বন্দরের দুটি ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে।
বেনাপোল শুল্কায়ন দপ্তরের লাইসেন্সিং বোর্ড কর্তৃপক্ষ সম্প্রতি দুই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে গাজী আব্দুল গণির মালিকানাধীন মেসার্স গণি অ্যান্ড সন্স এবং আলী কদরের মালিকানাধীন মেসার্স কদর অ্যান্ড কোম্পানি।
এর মধ্যে গণি অ্যান্ড কোম্পানি এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে আদালত গত সোমবার চার মাসের স্থগিতাদেশ দিয়েছেন।
জানতে চাইলে বেনাপোল শুল্কায়ন দপ্তরের যুগ্ম কমিশনার ও লাইসেন্সিং বোর্ডের সদস্য আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, গণি অ্যান্ড সন্স গাড়ির গ্যাসকিট আমদানির ঘোষণা দিয়ে চারটি চালানে ভারত থেকে পুরোনো কাগজের নষ্ট টুকরো আনেন। তদন্তে উঠে এসেছে, ভারতে টাকা পাচারের উদ্দেশ্যে এমনটি করা হয়েছে। অন্য প্রতিষ্ঠানটি শুল্কায়ন দপ্তরের নাম ভাঙিয়ে একটি আমদানিকারক প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেছে। ওই আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কদর অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে। তদন্তে এর সত্যতা মেলে। যে কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়।