বেনামি সম্পদ বিল আনার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকি দিয়ে বাংলাদেশে কালো অর্থনীতির আকার বাড়ছে। বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে। এ অবস্থায় ব্যক্তি পর্যায়ে কালোটাকা ও সম্পদকে অর্থনীতিতে ধরে রাখার জন্য বেনামি সম্পদ বিল প্রণয়নের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বেনামি সম্পদ বিল প্রণয়নের ক্ষেত্রে ভারতকে অনুসরণ করার পরামর্শ দিয়েছে সিপিডি। সিপিডি বলছে, ১৯৮৮ সালের বেনামি ট্রান্সজিকসন (প্রহিবিশন) আইন বাস্তবায়ন হচ্ছে ভারতে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি উদ্যোগ নিতে পারে। এ ছাড়া আবাসন খাত ও সরকারি ট্রেজারি বন্ডে বিশেষ কর সুবিধা (কালোটাকা সাদা করা) বাতিল করার সুপারিশও করেছে সংস্থাটি।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটি এ কথা বলেছে। চলতি অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণপত্র উপস্থাপনা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় বলেন, দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত পানামা পেপারস থেকেও আমরা তা জানতে পেরেছি। দেশের বাইরে বেনামে অনেকের সম্পদ রয়েছে। এসব সম্পদকে আইন করে হিসাবের আওতায় আনা দরকার। কর ও দণ্ড নিশ্চিত করে বেনামি সম্পদকে দেশের সম্পদের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিতে হবে।
কালোটাকা সাদা করার ব্যবসায়ীদের দাবির প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রতিবছর বাজেট এলে কালোটাকা সাদা করার দাবি ওঠে। এর জন্য প্রকাশ্য ও অপ্রকাশ্য তদবির চলে। কিন্তু এটি কোনো অবস্থাতেই অর্থনীতির জন্য শুভ লক্ষণ নয়। কালোটাকার তদবির সরকারের অন্যান্য নীতির বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে দেয়। নীতির বিশ্বাসযোগ্যতা না থাকলে নীতি বাস্তবায়ন হয় না। তাই এ ধরনের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে তার একটি আনুষ্ঠানিক সমাধান দরকার।
নতুন মূসক আইন: নতুন মূল্য সংযোজন আইন বাস্তবসম্মতভাবে বাস্তবায়নের জন্য দুই থেকে তিন বছরের পরিকল্পনা করার সুপারিশ করেছে সিপিডি। তবে তারা এ আইনটি বাস্তবায়নের পক্ষে। সিপিডি মনে করে, আইনটি আধুনিক।
সিপিডি আরও বলছে, নতুন মূসক আইন বাস্তবায়ন কীভাবে হবে, তা সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা উচিত। নতুন মূসক আইনে অনলাইনে রিটার্ন দাখিল, অর্থ পরিশোধ, নিবন্ধন নেওয়া যাবে। কিন্তু এ বিষয়ে কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা এই নীতি (মূসক) প্রচলনের পক্ষে। তবে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের প্রকাশ্যে যে বিরোধিতা হচ্ছে, সেটা সমাধান না হলে এ আইন বাস্তবায়ন কঠিন হবে। আইনটি সফলভাবে কার্যকর করার ক্ষেত্রে রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ দেখা যাচ্ছে না।
এ ছাড়া সিপিডি সামগ্রিকভাবে আর্থিক খাতের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য স্বাধীন আর্থিক খাত সংস্কার কমিশন গঠনের সুপারিশ করেছে।
সিপিডি আরও বলছে, বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক খাতে বরাদ্দ কমছে। শিক্ষা খাতে জিডিপি অনুপাতে বরাদ্দের হার ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৫তম। আর স্বাস্থ্য খাতে বাংলাদেশের অবস্থান ১৯০টি দেশের মধ্যে ১৮৯তম।
এ প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যমূল্য ও ভর্তুকি কমে যাওয়ায় সরকারের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছে। এ আর্থিক আয়েশটি আগামী বাজেটে কোথায় ব্যবহার করা হবে, সেটিই এখন দেখার বিষয়। সিপিডির সুপারিশ হচ্ছে, আর্থিক আয়েশকে কাজে লাগিয়ে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো, সর্বজনীন সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করা।