বেবী আক্তাররা স্বস্তি পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা বেবী আক্তার একজন স্কুলশিক্ষিকা। স্বামী মারা গেছেন বছর দুয়েক আগে। সীমিত আয়ে কোনোমতে বেতনের টাকা দিয়ে সংসার চালান তিনি। স্বামী মারা যাওয়ার পর তাঁর কর্মস্থল থেকে তিন লাখ টাকা পেয়েছেন। আর প্রায় ১০ বছর চাকরি করে অনেক কষ্টে এক লাখ টাকা জমিয়েছেন। ছেলেমেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে গত বছর পরিবার সঞ্চয়পত্র কিনেছেন চার লাখ টাকার। সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার টাকা দিয়ে ছেলেমেয়েদের স্কুলের বেতন দেন, খাতা-কলম কিনে দেন। সঞ্চয়পত্রের বিপরীতে প্রতি মাসে চার হাজার ৮৮ টাকা মুনাফা পান তিনি।
কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিমাসেই বেবী আক্তারদের মুনাফার ওপর ভাগ বসায়। মুনাফার ওপর ১৫ শতাংশ হারে মোট ৬১৩ টাকা উৎসে কর কেটে নেয় এনবিআর। দুর্মূল্যের এই বাজারে তাঁর জন্য এটা মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো। এই টাকাটা থাকলে সংসারের কাজে লাগানো যেত।
তবে আশার কথা হলো, আগামী অর্থবছর বা জুলাই মাস থেকে বেবী আক্তারের কাছ থেকে আর ৬১৩ টাকা করে কেটে রাখবে না এনবিআর। এ কথা জানতে পেরে বেবী আক্তার প্রথম আলোকে বলেন, ‘যদি এটা হয়, তাহলে আমার কাছে তা অনেক বড় পাওয়া। এই টাকা ছেলেকে এসএসসি পরীক্ষার কোচিং করাব৷ ছেলে ২০১৫ সালে এসএসসি পরীক্ষা দেবে। ছেলের পরীক্ষার প্রস্তুতিতেও এই টাকাটা বেশ কাজে লাগানো যাবে।’
বেবী আক্তারদের মতো মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে চায় সরকার। তাই সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে মুনাফার ওপর কোনো কর দিতে হবে না। আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৪-১৫ অর্থবছরের যে বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন, তাতে সঞ্চয়পত্রের এই কর ছাড় প্রস্তাব করতে পারেন বলে জানা গেছে।
উদাহরণ দিয়ে বলা যেতে পারে, কোনো করদাতা একটি সঞ্চয় িস্কমে এক লাখ টাকা বিনিয়োগ করলেন। তিনি ১০ শতাংশ হারে সুদ বা মুনাফা পাবেন। সেই হিসাবে এক লাখ টাকার ওপর বার্ষিক মুনাফার পরিমাণ ১২ হাজার টাকা। আর প্রতিমাসে মুনাফার পরিমাণ দাঁড়ায় এক হাজার টাকা। এখন এই মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর হিসেবে ১০০ টাকা কেটে রাখা হয়। আগামী অর্থবছর থেকে এই টাকা আর কেটে রাখা হবে না। প্রতিমাসে পুরো এক হাজার টাকাই পাবেন তিনি।
বর্তমানে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে এনবিআর সুদ বা মুনাফার টাকা উত্তোলনের সময় ১০ থেকে ১৫ শতাংশ কর কেটে নেয়। যেসব সঞ্চয়কারীর কর শনাক্ত নম্বর (টিআইএন) রয়েছে, তাঁদের মুনাফার ওপর ১০ শতাংশ এবং যাঁদের টিআইএন নেই, তাঁদের মুনাফার ওপর ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়।
জানা গেছে, আগামী অর্থবছরে বাজেট ঘাটতি পূরণে ব্যাংকিং খাতের পাশাপাশি সঞ্চয়পত্র বিক্রি করে বড় অঙ্কের অর্থ জোগাড় করতে চায় অর্থ মন্ত্রণালয়। সঞ্চয়পত্র বিক্রি করে আগামী অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা নিতে চায় সরকার। চলতি অর্থবছরে এই উৎস থেকে অর্থ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয় ২০ হাজার কোটি টাকা।
সঞ্চয়পত্র বিক্রি বাড়াতে সরকার সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের কর সুবিধা দেবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আর জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে এনবিআর এই উদ্যোগ নিয়েছে।
এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, সঞ্চয়পত্র কর ছাড় দিয়ে সীমিত আয়ের মানুষকে বিনিয়োগে উৎসাহিত করতে চায় সরকার। আর সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে সরকার মানুষের কাছ থেকে সেই টাকা নিয়ে তা উন্নয়নকাজে লাগাতে পারে।
জাতীয় সঞ্চয় পরিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ১৪ হাজার ৯৫৫ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭৯৮ কোটি টাকা কম। গত অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি মাসে ১৫ হাজার ৭৫৩ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল।
জাতীয় সঞ্চয় পরিদপ্তরের মাধ্যমে বর্তমানে পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়ািদ বাংলাদেশ সঞ্চয়পত্র, ছয় মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র বিক্রি হয়।