
সাভারের রানা প্লাজার তিনতলার নিউ ওয়েব বটম কারখানায় কাজ করতেন নওগাঁর বেবি আক্তার (১৯)। তাঁর উপার্জনেই মা-বাবার সংসারে কিছুটা সচ্ছলতা এসেছিল৷ তবে রানা প্লাজা ধসে পরিবারটির স্বপ্নও চাপা পড়ে৷
তবে গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর টানা ২১ দিনের উদ্ধার অভিযানে বেবির লাশ খঁুজে পাওয়া যায়নি। নিখোঁজ হিসেবেও স্বীকৃতি মেলেনি তাঁর। আর এ জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বঞ্চিত হয়েছে বেবির পরিবার। আদৌ ক্ষতিপূরণ পাবে কি না, তা নিয়েও আছে শঙ্কা।
যোগাযোগ করলে নওগাঁর আত্রাই থানার রানীনগর গ্রাম থেকে মুঠোফোনে বেবির মা শাহেরা বেগম বলেন, ‘কী করব৷ দিন আনি দিন খাই৷ বেবির বাবা (মো. নিজাম উদ্দিন) দিনমজুরি করে কোনো রকমে চারজনের সংসার চালাচ্ছেন৷’
শাহেরা বেগম আরও বলেন, ‘বেবির ছোট এক ভাই ও এক বোন পড়ালেখা করে। গার্মেন্টসে কাজ করে বেবি কোনো মাসে আড়াই হাজার, আবার কোনো মাসে তিন হাজার পর্যন্ত টাকা পাঠাত। সেই টাকায় ওদের পড়াশোনার খরচ চলত। সংসারের বাজার-সদাইও বেবির টাকাতেই হতো।’ এখন কী পেলে আপনাদের সুবিধা হয়, জানতে চাইলে তিনি বলেন, ‘একটা দোকানটোকান দিয়ে দিলে ভালো হয়।’ আর দুই ছেলেমেয়ের লেখাপড়ার খরচের নিশ্চয়তাটাও চান তিনি৷
রানা প্লাজা ধসের ঘটনায় অনেক নিখোঁজ শ্রমিকের পরিবারই বেবির পরিবারের মতো দুরবস্থার মধ্যে আছে৷ কারণ, ওই শ্রমিকদের আয়ের ওপর নির্ভরশীল ছিল পরিবারগুলো৷ পরিচয় নিশ্চিত হওয়া নিহত শ্রমিকের পরিবার এবং গুরুতর আহত শ্রমিকেরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান পেলেও নিখোঁজ শ্রমিকদের পরিবার কিছু পায়নি। কারণ, স্বীকৃত কোনো তালিকা েনই। এমনকি আন্তর্জাতিক উদ্যোগে গঠিত ‘রানা প্লাজা কো-অর্ডিনেশন কমিটি’ তালিকার অভাবে ক্ষতিপূরণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না।
রানা প্লাজা ধসে এক হাজার ১৩৬ জন শ্রমিক নিহত হন৷ আহত হন কয়েক শ শ্রমিক। নিহত শ্রমিকদের মধ্যে অশনাক্ত ২৯১ লাশ জুরাইনের কবরস্থানে ও দেশের বিভিন্ন স্থানে ১০ লাশ দাফন করা হয়৷ এই ৩০১ ও স্বজনদের নিয়ে যাওয়া ২১ জনের মৃতদেহসহ ৩২২ জনের দাঁত ও হাড়ের নমুনা সরকারের পক্ষ থেকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর মৃত ব্যক্তিদের আত্মীয় দাবি করে ৫৫১ জন রক্তের নমুনা জমা দেন। তবে ডিএনএ পরীক্ষায় মাত্র ২০৬টি অশানক্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে বেবির লাশ শনাক্ত হয়নি।
সরকার নিখোঁজ শ্রমিকদের তালিকা তৈরির কাজটি এক বছরেও শেষ করতে পারেনি। আর দীর্ঘদিন চুপ থাকার পর মাস দেড়েক আগে নিখোঁজদের তালিকার কাজে হাত দিয়েছে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজ শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় দিন দিন তাঁদের স্বজনেরা সহানুভূতির পরিবর্তে সন্দেহের শিকার হচ্ছেন৷ আমরা তাঁদেরকে লাশও বুঝিয়ে দিতে পারিনি, আবার নিখোঁজ হিসেবেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি না৷ এটি খুবই দুঃখজনক।’
তালিকার কাজে ধীরগতি, নিখোঁজ কত: ভবনধসের পরপরই সেনাবাহিনী নিখোঁজ ২৬১ জন পোশাকশ্রমিকের একটি প্রাথমিক তালিকা তৈরি করে৷ পরে সরকারের পক্ষ থেকে ৩৪৭ জনের একটি তালিকা করা হয়। শেষ পর্যন্ত এই তালিকা চূড়ান্ত করার দায়িত্ব পায় ঢাকা জেলা পরিষদ। তারা দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে উপকমিটি করে প্রত্যেকের ব্যাপারে সরেজমিনে খোঁজখবর নেয়। জানা যায়, শেষ পর্যন্ত ৩৪৭ জনের মধ্যে ৩০৫ জন শ্রমিক নিখোঁজ আছেন বলে নিশ্চিত হয়েছে জেলা প্রশাসন। তাঁদের মধ্য থেকে ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া শ্রমিকদের বাদ িদয়ে শেষ পর্যন্ত নিখোঁজ শ্রমিকের সংখ্যা ১২৮ জন বা এর কাছাকাছি হতে পারে বলে জানান জেলা পরিষদের এক কর্মকর্তা।
এদিকে এক বছরেও নিখোঁজদের তালিকা না হওয়া প্রসঙ্গে ঢাকা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একরামুল হক বলেন, ডিএনএ পরীক্ষা শেষ না হওয়ায় তালিকাটি চূড়ান্ত করা যায়নি। তা ছাড়া এত বড় ঘটনা সামলানোর ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতার অভাবও আছে৷ তিনি জানান, ডিএনএ পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে৷ শিগগিরই নিখোঁজ শ্রমিকদের তালিকা হয়ে যাবে৷
অন্যদিকে বিজিএমইএ গত ২৯ এপ্রিল নিখোঁজ শ্রমিকদের তালিকা তৈরি কাজটি আনুষ্ঠানিকভাবে শুরু করে৷ এ জন্য সংগঠনের সহসভাপতি এস এম মান্নানের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি কাজ করছে। প্রাথমিকভাবে নিখোঁজ থাকা ১২৯ জনের বিষয়ে নিশ্চিত হয়েছে কমিটি।
তবে ১৮৩ জন নিখোঁজ শ্রমিকের একটি প্রাথমিক তালিকা তৈরি করে শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে গত এপ্রিলে হস্তান্তর করেছিল গার্মেন্ট শ্রমিক সংহতি। সংগঠনের সমন্বয়ক তাসলিমা আখতার জানান, ‘১৮৩ জনের মধ্যে ১৪৬ জনের পরিচয় নিশ্চিত হয়েছিলাম আমরা।’
বিষয়টি অবহিত করলে বিজিএমইএর অতিরিক্ত সচিব জগলুল হায়দার বলেন, ‘আমরা ওই শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসেছি। নিখোঁজ শ্রমিক পরিবারের সঙ্গেও যোগাযোগ করছি। কেউ যেন বাদ না পড়ে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা।’
জানতে চাইলে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘জুনের মধ্যেই আমরা তালিকার কাজটি শেষ করব৷ এটি হয়ে গেলেই বিজিএমইএর পক্ষ থেকে নিখোঁজ শ্রমিকদের বেতন দেওয়া হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের জন্যও তালিকাটি প্রেরণ করা হবে।’ বেবির পরিবারের কথা জানালে তিনি বলেন, ‘রানা প্লাজা ধসে নিহত অনেক শ্রমিকের ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি। বেবির ভাইবোনদের দায়িত্ব নিতেও আমরা প্রস্তুত।’