বেমেয়াদি তহবিলে রূপান্তরের অনুমতি রয়ে গেল শঙ্কাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিবি-এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদি তহবিলে রূপান্তরের অনুমতি দেওয়া হয়েছে। তবে এটি বেমেয়াদি ফান্ডে রূপান্তর হবে কি না, তা নির্ভর করছে ইউনিটধারীদের মতামতের ওপর। ইউনিটধারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি বেমেয়াদে রূপান্তরের পক্ষে মতামত দেয়, তাহলে রূপান্তর হবে। অন্যথায় এটিকে গুটিয়ে ফেলতে হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল মঙ্গলবারের সভায় ফান্ডটিকে বেমেয়াদে রূপান্তরের অনুমতি দিয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফান্ডটির রূপান্তরের প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কমিশন খুব শিগগির মেয়াদি ফান্ড থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের একটি নীতিমালাও প্রণয়ন করবে।
জানতে চাইলে তহবিলটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘খুব শিগগিরই ইউনিটধারীদের সভা করে তাদের মতামত সংগ্রহ করব। তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে ফান্ডটির ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটিকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের আবেদন জানানো হয়। আগামী ২৮ সেপ্টেম্বর ফান্ডটির মেয়াদ পূর্ণ হবে। ফলে ফান্ডটির ভবিষ্যৎ নিয়ে ইউনিটধারীদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছিল।
সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো মেয়াদি ফান্ডের মেয়াদ পূর্ণ হওয়ার পর সেটি অবলুপ্ত হওয়ার কথা। সেই সঙ্গে বাজার থেকেও এটি তালিকাচ্যুত হয়ে যাবে। আর যদি বেমেয়াদি রূপান্তর হয়, তাহলেও সেটি স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হবে। আলাউদ্দিন খান এ প্রসঙ্গে বলেন, ‘২৮ সেপ্টেম্বর ফান্ডটির মেয়াদ শেষ হচ্ছে। এরপর কবে সেটি তালিকাচ্যুত হবে তা ঠিক করবে স্টক এক্সচেঞ্জ।’
এদিকে, মেয়াদ শেষে অবলুপ্তির আশঙ্কা থেকে ১০ দিন ধরে বাজারে ফান্ডটির একটানা দরপতন ঘটছে। এই ১০ দিনে তহবিলটির বাজারমূল্য অর্ধেক কমে গেছে। গত ২৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ডটির বাজারমূল্য ছিল প্রায় ৬৩ টাকা। গতকাল দিনের শেষে তা কমে নেমে এসেছে প্রায় ৩১ টাকায়।
এ ছাড়া গত রোববার সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বাজারমূল্যের ভিত্তিতে তহবিলটির প্রতি ইউনিটের বিপরীতে প্রকৃত সম্পদমূল্য ছিল প্রায় ২৫ টাকা। ক্রয়মূল্যের ভিত্তিতে এর পরিমাণ ছিল ৩৭ টাকার বেশি।
অর্থাৎ তহবিলটির হাতে যেসব সম্পদ রয়েছে, সর্বশেষ দিনের বাজারমূল্যে তা বিক্রি করা হলে ব্যবস্থাপকেরা প্রায় ২৫ কোটি চার লাখ টাকা পেতেন। অথচ বাজারে এটি ৩০ টাকার বেশি দরে লেনদেন হচ্ছে। সেই হিসাবে প্রকৃত সম্পদমূল্যের চেয়ে বাজারমূল্য ৫ টাকা বেশি। অর্থাৎ কেউ যদি ৩০ টাকা দরে বাজার থেকে এটির ইউনিট কিনে থাকেন, তাহলে সর্বশেষ সম্পদমূল্যের হিসাব অনুযায়ী প্রতি ইউনিটের বিপরীতে লোকসান হবে ৫ টাকা।
তবে ফান্ডটির হাতে থাকা সম্পদের বাজারমূল্য বাড়লে ইউনিটপ্রতি সম্পদমূল্যও বাড়বে। আবার বাজারমূল্য কমলে সম্পদমূল্যও কমে যাবে।
মিউচুয়াল ফান্ড খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি তহবিল কতটা দক্ষতার সঙ্গে পরিচালিত করা হয়, তা বোঝা যায় সেটির সম্পদমূল্য দেখে। সেই বিবেচনায় আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ডটি মোটেই দক্ষতার সঙ্গে পরিচালিত হয়নি বলে মত দেন তাঁরা।