দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ডের প্রায় ১০ শতাংশ দাম বেড়েছে। দিনশেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম তিন টাকা ১০ পয়সা বেড়ে হয়েছে ৩৪ টাকা ৪০ পয়সা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত মঙ্গলবার মেয়াদি এই তহবিলটিকে বেমেয়াদে রূপান্তরের প্রক্রিয়া গ্রহণের অনুমতি দিয়েছে। সেই খবরে গতকাল এটির মূল্যবৃদ্ধি ঘটেছে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএসইসি অনুমতি দিলেও তহবিলটি বেমেয়াদে রূপান্তর হবে কি না তা নির্ভর করছে ইউনিটধারীদের মতামতের ওপর। আগামী ২৮ সেপ্টেম্বরের পর এটি শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত হবে।
১০ কার্যদিবস টানা দরপতনের পর গতকাল ফান্ডটির মূল্যবৃদ্ধি ঘটেছে। লেনদেনের শুরুতেই এটির দাম প্রায় ১০ শতাংশ বেড়ে যায়। শেষ পর্যন্ত যা বজায় ছিল।