
রবিউল হাসান থাকেন চট্টগ্রামে। স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছেন। ঢাকার যানজটে নানা জায়গা ঘুরে হাঁপিয়ে উঠেছেন। বন্ধুদের কাছে পূর্বাচল মহাসড়কের খোলামেলা পরিবেশের কথা শুনে এখানে ঘুরতে এসেছেন। আলাপের এক ফাঁকে বললেন, ‘জায়গাটা অসাধারণ! বেশ নিরিবিলি, রাস্তার দুপাশে প্রশস্ত ফুটপাত। এক পাশ ছেয়ে আছে কাশফুলে, দারুণ! ভালো লাগছে।’
কোনো এক বিকেলে কুড়িল উড়ালসড়কে থেকে নেমে পূর্বাচল মহাসড়কে ঘুরতে এলে আপনারও এমন মনে হবে। এই মহাসড়ক সবার কাছে ‘৩০০ ফুট’ নামেই পরিচিত। খিলক্ষেত ফ্লাইওভারের পর থেকে সড়কটি বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে উঠেছে। উড়ালসড়ক চালু হওয়ার পর থেকে এই মহাসড়কটি নগরবাসীর বেড়াতে আসার জন্য বেশ প্রিয় হয়ে উঠছে।
কলেজশিক্ষার্থী শাকিল চার বন্ধুকে নিয়ে বেড়াতে এসেছেন। বন্ধুরা মিলে সড়ক বিভাজকে বসে আড্ডা দিচ্ছেন, গান করছেন। তাঁদের একজন রিয়াজ গিটারে সুর ধরতে ধরতে বলেন, ‘জমিয়ে আড্ডা দিচ্ছি। প্রায়ই আসি। গলা ছেড়ে গান গাওয়ার জন্য জায়গাটা বেশ।’
গত বুধবার বিকেলে দেখা যায়, জায়গাটি জমজমাট। কেউ আড্ডা দিচ্ছেন, কেউ হাঁটছেন। আশপাশে গড়ে ওঠা বেশ কিছু রেস্তোরাঁর ছাদে বসেও লোকজন আড্ডা দিচ্ছেন। অনেকে খাওয়াদাওয়া করছেন। রাস্তা ফাঁকা পেয়ে কেউ কেউ রিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে ঘুরছেন।
৩০০ ফুট রাস্তার দক্ষিণ দিকের ফুটপাত ধরে কাঞ্চন সেতু পর্যন্ত পায়ে হাঁটা পথিকের সংখ্যা বেশি। কেউ পরিবার, কেউ বন্ধুদের নিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন। জানা গেছে, রোদের তেজ কমতে শুরু হলেই লোক সমাগম বাড়ে। বেশির ভাগ লোক হাঁটাহাঁটি করেন। ক্ষুধা ও ক্লান্তি পেলে অনেকে খাবারের দোকানগুলোয় ঢুঁ দেন। বসুন্ধরা, বারিধারা, গুলশান, বাড্ডা, খিলক্ষেত, কচুক্ষেত, রামপুরা, ধানমন্ডি, উত্তরা, মিরপুরসহ ঢাকার বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে ঘুরতে আসেন।
উত্তরা থেকে বন্ধুকে নিয়ে বেড়াতে এসেছেন হেদায়েতুল কবীর। তিনি বলেন, ‘এ শহরে ফাঁকা জায়গা পাওয়া বেশ মুশকিল। এখানকার রাস্তাটা অনেক বড়। যত হাঁটছি ততই ভালো লাগছে।’
জায়গাটি ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি রেস্তোরাঁ ও হালকা খাবারের দোকান। হাঁটাহাঁটি করে খিদে পেলে এসব দোকানে পাবেন নানান মুখরোচক খাবার। বিদেশি খাবারের মধ্যে আছে মেক্সিকান, চায়নিজ, ইতালিয়ান ও থাই খাবারের নানা পদের পসরা। আরও পাবেন বার-বি-কিউ, কাবাব, পিৎজা, নাচোস, পাস্তা, চটপটি, ফুচকা, ঝালমুড়ি, পপকর্ন, আইসক্রিম, কফিসহ বিভিন্ন ধরনের কোমল পানীয় ও ফলের রস। সজ্জা ও স্বাদে দোকানগুলো বৈচিত্র্যময়। এসব রেস্তোরাঁয় ১২০ থেকে ৩০০ টাকার মধ্যে পেট পুরে খাওয়া যায়।
সাইকেল চালিয়ে সাত বন্ধু উত্তর বাড্ডা থেকে এখানে এসেছেন। তাঁদের একজন মোশাররফ বলেন, ‘সাধারণত মোটরসাইকেল নিয়ে আসি। আমাদের এক বন্ধু নতুন বাইসাইকেল কিনেছে। সে উপলক্ষে আজ সবাই বাইসাইকেল চালিয়ে চলে এসেছি।’
এখানকার তিনজন দোকানির সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার লোকজন বেশি আসেন। তবে প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় প্রচুর ভিড় হয়। সব বয়সী লোকই এখানে জমিয়ে আড্ডা দেন। খাবারের দাম কম থাকায় প্রায়ই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা রেস্তোরাঁগুলোয় দুপুর ও রাতের খাবার খেতে আসেন।
বন্ধুদের সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে এসেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রামিসা মাসুম। বললেন, ‘এখানকার পরিবেশ আর স্বল্প দামে খাবারের মান বেশ ভালো। তাই প্রায়ই বন্ধুদের সঙ্গে ক্লাসের ফাঁকে দুপুরে কিংবা রাতের খাবার খেতে আসা হয়।’