বেশি মাত্রায় প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের কারণে পুঁজিবাজারে বিরূপ প্রভাব পড়েছে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে আইপিও অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সুপারিশ করেছে।জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গত রোববার এই সুপারিশ করা হয়।বৈঠকে বলা হয়েছে, সম্প্রতি অতিমাত্রায় আইপিওর অনুমোদনের কারণে পুঁজিবাজারে অন্যান্য শেয়ারের দাম বাড়ছে না। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এ বিষয়ে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘কোনো প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসতে চাইলে তাদের না করা যাবে না। কিন্তু বর্তমান বাজারে শেয়ারের চাহিদা কম আর সরবরাহ বেশি। তাই বাজারে শেয়ারের দাম বাড়ছে না। এ জন্য আইপিও অনুমোদনের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য বিএসইসিকে অনুরোধ জানিয়েছে সংসদীয় কমিটি। আইপিওতে নির্ধারিত দাম যৌক্তিক কি না, সে বিষয়ে বিএসইসিকে সতর্কভাবে বিবেচনা করতে বলা হয়েছে।বৈঠকে কমিটি ও বিশেষজ্ঞদের পক্ষ থেকে দ্রুত স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) করার ওপর তাগিদ দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ থেকে কমিটিকে জানানো হয়, এ সম্পর্কিত প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ এগিয়ে চলছে। সংসদের আগামী অধিবেশনে প্রস্তাবিত আইনটি বিল আকারে উত্থাপিত হতে পারে। এ ছাড়া বৈঠকে অমনিবাস হিসাবকে দ্রুত পৃথক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে রূপান্তর করার সুপারিশ করা হয়।কমিটির সুপারিশে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সরকার যেসব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, তা দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে মিউচুয়াল ফান্ডের টাকা পুঁজিবাজারে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, মো. তাজুল ইসলাম, এম এ মান্নান, গোলাম দস্তগীর গাজী ও ফরিদা রহমান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।