বেশি খরচে কি ধূমপান করবেন?
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা জানেন না—এমন লোক হয়তো কুপি জ্বালিয়ে খুঁজতে হবে। কিন্তু এই তথ্য জেনেও অনেকে ধূমপান ছাড়তে পারছেন না। তাঁদের জন্য খবর হচ্ছে, সিগারেটের দাম বাড়ছে। একই সঙ্গে বাড়ছে বিড়ির দামও।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করে এমন প্রস্তাবই করেছেন।
সিগারেটের কর নির্ধারণ ব্যবস্থাটি বেশ জটিল, চারটি স্তরে এই হিসাব করা হয় ১০ শলাকাপ্রতি। বর্তমানে প্রথম স্তরে ১০ শলাকার দাম ১৫ টাকা থেকে ১৬ টাকা ৫০ পয়সা ধরে ৪৩ শতাংশ কর আরোপ করা আছে। অর্থমন্ত্রী নতুন করে ওই সিগারেটের দাম নির্ধারণ করেছেন ১৯ টাকা। একই সঙ্গে ওই সিগারেটের ওপর কর বাড়িয়ে নির্ধারণ করেছেন ৪৮ শতাংশ।
দ্বিতীয় স্তরে ১০ শলাকার দাম ৩২ টাকা ৫০ পয়সা থেকে ৩৫ টাকা ধরে এখন কর নির্ধারিত আছে ৬০ শতাংশ। অর্থমন্ত্রী এ স্তরে করের হার বাড়াননি। কিন্তু ওই সিগারেটের দাম পুনর্নির্ধারণ করেছেন, ২০ টাকা থেকে ৩৯ টাকা।
তৃতীয় স্তরে ১০ শলাকার সিগারেটের দাম ৫০ থেকে ৫৪ টাকা ধরে এখন ৬১ শতাংশ কর দেয় সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলো। এ ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে করের পরিমাণ বাড়ানো হয়নি। তবে বাড়ানো হয়েছে সিগারেটের দাম, করা হয়েছে ৪০ টাকা থেকে ৬৯ টাকা।
আর শেষ স্তরে ১০ শলাকার সিগারেটের দাম এখন ৯০ টাকা এবং তার চেয়ে বেশি ধরে ৬১ শতাংশ কর নির্ধারণ করা আছে। এ ক্ষেত্রে অর্থমন্ত্রী করের হার বাড়িয়ে করেছেন ৬৩ শতাংশ। তবে প্রস্তাবিত বাজেটে এই স্তরের সিগারেটের দাম ৭০ টাকা ও তার বেশি ধরা হয়েছে। অর্থাৎ চতুর্থ স্তরের এই সিগারেটের (বেশি দামের) দাম উল্টো কমে যেতে পারে।
সিগারেটের পাশাপাশি বিড়ির করেও হাত দিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমানে ফিল্টারবিহীন ২৫ শলাকার করসহ মূল্য ৬ টাকা ১৪ পয়সা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেট বিড়ির করসহ মূল্য ৬ টাকা ৯২ পয়সায় নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তিনি।
অর্থমন্ত্রী বলেছেন, সহজলভ্যতার কারণে ব্যাপকসংখ্যক ভোক্তা বিড়ি ব্যবহারের সুযোগ নেয় এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। সে কারণে ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের মূল্য ৭ টাকা ০৬ পয়সা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেট বিড়ির মূল্য ৭ টাকা ৯৮ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছেন তিনি।
এদিকে সিগারেটের ক্ষতিকারক দিক বিবেচনা করে এবং রাজস্ব আদায় বাড়াতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হোক বা না হোক সব ধরনের সিগারেট কোম্পানির ওপরই ৪৫ শতাংশ হারে করপোরেট কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।