সোনালী ব্যাংকের মোট খেলাপি ঋণ হচ্ছে ১২ হাজার ৪৬১ কোটি টাকা। এর বেশির ভাগই আটকে পড়েছে বড় কিছু গ্রাহকের কাছে। আর শীর্ষ ২০ খেলাপির কাছেই আটকে আছে সাড়ে চার হাজার কোটি টাকার বেশি। এসব অর্থ আদায়ে পদক্ষেপ নিয়েও তেমন লাভ হচ্ছে না।
অর্থ আদায় করতে গিয়ে বিভিন্ন পর্যায়ে বাধার মুখেও পড়ছে ব্যাংক। বিশেষ করে খেলাপি গ্রহীতা আদালতে রিট করে স্থগিতাদেশ নিয়ে আসছেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত বলেন, বর্তমানে সোনালী ব্যাংকের প্রধান দুটি সমস্যা হচ্ছে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি। এর মধ্যে খেলাপি ঋণ সবচেয়ে বড় সমস্যা।
ব্যাংকটির সর্বশেষ আর্থিক পরিস্থিতি গণমাধ্যমের কাছে তুলে ধরতে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেরিয়ে আসে নানা তথ্য। রাজধানীর মতিঝিলে ব্যাংকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে শীর্ষ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রদীপ কুমার দত্ত বলেন, হল-মার্কের ঘটনার পর ব্যাংক অনেক সতর্ক হয়েছে। খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। চলতি বছর ইতিমধ্যেই দুই হাজার ৫৫০ কোটি টাকা আদায় হয়েছে। নগদে আদায় হয়েছে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা। তিনি বলেন, বৈদেশিক বিনিময় (এডি) শাখাতে বেশি অনিয়ম ঘটেছে। চলতি বছর তাই প্রতিটি এডি শাখায় ৬ মাসে অন্তত একবার পরিদর্শন করা হচ্ছে।
এমডি বলেন, হল-মার্কের ঘটনার পর ব্যাংক বড় ধরনের সংকটে পড়েছিল। গত বছর নগদ টাকার সংকটে ব্যাংক সিআরআর (বিধিবদ্ধ জমার নগদ অংশ) সংরক্ষণে ব্যর্থ হয়। তাতে বাংলাদেশ ব্যাংককে ৮০ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে। ওই সময় কলমানি থেকে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার কোটি টাকা ধার করতে হতো। তবে এখন আর সেই পরিস্থিতি নেই। এখন ব্যাংক উল্টো প্রতিদিন চার থেকে পাঁচ হাজার কোটি টাকা মুদ্রাবাজারে ধারে খাটাচ্ছে।
এক প্রশ্ন্নের জবাবে এমডি বলেন, ব্যাংকিং নিয়ম মেনেই সোনালী ব্যাংক সব ধরনের কাজ করছে। সুদ মওকুফ বা ঋণ পুনঃ তফসিল সুবিধা দিতে রাজনৈতিক কোনো চাপ নেই। তিনি জানান, সাধারণ মানুষের আস্থা আগের মতোই রয়েছে। যে কারণে ঋণ ও আমানত বাড়ছে। তবে হল-মার্কের ঘটনার পর আর্থিক সংকট ও কর্মকর্তাদের মধ্যে একধরনের ভীতি থাকায় নতুন ঋণ কম যায়। এখন সে পরিস্থিতিরও উন্নতি হয়েছে।
ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৯২ শতাংশ খেলাপি। আর মূলধন ঘাটতি পাঁচ হাজার ২৬১ কোটি টাকা। কেবল রূপসী বাংলা শাখার মাধ্যমেই হল-মার্ক গ্রুপ জাল-জালিয়াতি করে দুই হাজার ৬০০ টাকা তুলে নিয়েছে, যার পুরোটাই এখন খেলাপি হয়ে গেছে।
খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালত আইনের সংস্কার চান প্রদীপ দত্ত। তিনি বলেন, ‘বড় ঋণ খেলাপিরা আদালতে গিয়ে রিট করে ঋণ আদায় আটকে রাখছে। এ জন্য আইনগতভাবে ব্যবস্থা নিতে আমরা অর্থমন্ত্রণালয়ে সুপারিশ করেছি।’ বর্তমানে অর্থঋণ আদালতের ১৩৮টি মামলার বিপরীতে রিট রয়েছে। যার বিপরীতে এক হাজার কোটি টাকার বেশি অর্থ আটকে আছে।
প্রদীপ দত্ত বলেন, সোনালী ব্যাংক রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ায় বাংলাদেশ ব্যাংক ও সরকারের আনুকূল্য পেয়ে থাকে। তার বিপরীতে ব্যাংকটি রাষ্ট্র ও জনসাধারণকে বিনা মাশুলে ২৪ ধরনের সেবাও দেয়। তিনি বলেন, ‘আমরা প্রতিদিন সামরিক বাহিনীর সদস্যদের ৮০০ কোটি টাকা পেনশন সেবা দিই। এর থেকে সেবা মাশুল বা অন্য কোনো মুনাফা নেওয়া হলে আমাদের কোটি কোটি টাকা আয় হতো। কিন্তু আমাদের সে সুযোগ নেই।’