বেশি দামে বিক্রি হচ্ছে ৯ পণ্য!
মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, খেজুর, জিরা, এলাচ ও দারুচিনি—এই নয়টি পণ্য দেশের বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।
এসব পণ্য যে দামে আমদানি হয়েছে, এর সঙ্গে আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী পর্যায়ে পরিবহন ব্যয় ও মুনাফা এবং ব্যাংক ঋণের সুদ—সবকিছু বিবেচনায় নিয়ে এসব পণ্যের প্রতি কেজি দাম কত হওয়া উচিত তার একটি হিসাব করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। কমিশনের হিসাবেই দেখা গেছে, বাড়তি দামে এসব পণ্য বিক্রির চিত্র।
ট্যারিফ কমিশন হিসাব করে দেখেছে, আমদানি করা প্রতি কেজি ছোলা বাজারে বিক্রি হওয়া উচিত ৫৩ থেকে ৫৯ টাকায়। তবে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়।
১ মে থেকে ৪ জুন পর্যন্ত—এই পাঁচ সপ্তাহে ঋণপত্র নিষ্পত্তি হওয়া আমদানির তথ্য নিয়েই এই হিসাব করেছে ট্যারিফ কমিশন। এর সঙ্গে ১৫ শতাংশ ব্যাংক ঋণের সুদ, প্রতি টনের পরিবহন ব্যয় দেড় হাজার টাকা, ২ শতাংশ প্রক্রিয়াকরণ লোকসান, আমদানিকারকের মুনাফা ৩ শতাংশ, পাইকারি ব্যবসায়ীর মুনাফা ও পরিবহন ব্যয় ৬ শতাংশ, খুচরা ব্যবসায়ীর পরিবহন ব্যয় ও মুনাফা ১৫ শতাংশ যোগ করেই এ হিসাব তৈরি করা হয়েছে। সবগুলো পণ্যের ক্ষেত্রেই একইভাবে হিসাব করেছে সংস্থাটি।
এক মাসের আমদানি ব্যয় বিশ্লেষণ করে ট্যারিফ কমিশন দেখেছে, প্রতি কেজি আমদানি করা মসুর ডাল বাজারে বিক্রি হওয়া উচিত ৬০ থেকে ৬৯ টাকা। কিন্তু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৩০ টাকায়। অবশ্য বাজারে বিভিন্ন মানের মসুর ডাল বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
নেপাল থেকে মসুর ডাল আমদানি করে দেশে তা বিক্রির দর অনেক ক্ষেত্রেই ১০০ টাকা ছাড়ায়। কিন্তু কমিশন বলেছে, বিক্রয়মূল্য হওয়া উচিত ৬০ থেকে ৬৯ টাকা। এটা কীভাবে, জানতে চাইলে হিসাব প্রণয়নের সঙ্গে জড়িত কমিশনের তদারক সেলের একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘আমরা আমদানি করা মসুর ডালের গড় মূল্য ধরেই এ হিসাব করেছি। ওই এক মাসে যত মসুর ডাল আমদানি হয়েছে তার বেশির ভাগই অস্ট্রেলিয়া থেকে আমদানি হয়েছে। নেপালের ডালের পরিমাণ খুবই কম ছিল। তার ভিত্তিতেই আমরা বিক্রয়মূল্য বের করার চেষ্টা করেছি।’
রমজান মাসে বহুল ব্যবহূত একটি পণ্য পেঁয়াজ। ট্যারিফ কমিশন হিসাব করে দেখেছে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রতি কেজির বিক্রয়মূল্য ১৭ থেকে ১৯ টাকা হওয়া উচিত। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়।
তবে আমদানিকারক ও পাইকারি বিক্রেতারা ট্যারিফ কমিশনের এই হিসাবের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি।
শ্যামবাজারের পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, চীনা আদার আজকের বাজারদর প্রতি টন ৯০০ ডলার। ১০ দিন আগে ছিল ৬৫০ ডলার। আন্তর্জাতিক বাজারে এখন পেঁয়াজ, রসুন ও আদার দাম ঊর্ধ্বমুখী। কারণ, এসব পণ্যের মৌসুম শেষ হয়ে গেছে। নতুন মৌসুম না আসা পর্যন্ত দাম এমনই থাকতে পারে।
পেঁয়াজ, রসুন, আদা ও ছোলার এই আমদানিকারক রতন সাহা বলেন, শ্যামবাজারেই এখন ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯ থেকে ২৪ টাকায়। তাহলে খুচরা দোকানে কীভাবে এই পেঁয়াজ ১৭ থেকে ১৯ টাকায় বিক্রি হবে। তিনি বলেন, ‘এসব পণ্য সরকার আমাদের আমদানি করে দিক। আমরা সেসব পণ্য তাদের দামেই বিক্রি করব।’
অন্য পণ্যগুলোর মধ্যে একটি হলো খেজুর যা ছাড়া রোজাদারদের ইফতারই যেন সম্পূর্ণ হয় না। সে কারণে ইফতারের সামগ্রীতে থাকে খেজুর। এটি আমদানি করতে হয়। কমিশনের হিসাবে, আমদানি করা খেজুরের বিক্রয়মূল্য হওয়া উচিত প্রতি কেজি ৬০ থেকে ৯০ টাকা। কিন্তু এই খেজুর বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়।