বেশি দামে ব্যান্ডউইটথ যাবে ভুটানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের চেয়ে বেশি দামে ভুটানে ব্যান্ডউইটথ রপ্তানির বিষয়ে আলোচনা শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ভারতে এখন প্রতি জিবিপিএস (গিগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইটথের রপ্তানি মূল্য ১০ হাজার ডলার। ভুটানের ক্ষেত্রে সেটি ১৪ থেকে ১৮ হাজার ডলার নির্ধারণের প্রস্তাব দিয়েছে বিএসসিসিএল। সম্প্রতি ব্যান্ডউইটথ রপ্তানির বিষয়ে ভুটানের এক প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় বিএসসিসিএল কর্তৃপক্ষের আলোচনায় এ রপ্তানি মূল্য প্রস্তাব করা হয়।
বিএসসিসিএল সূত্রে জানা গেছে, ভুটান বর্তমানে ভারত থেকে ৬৫ জিবিপিএস ব্যান্ডউইটথ আমদানি করে। এতে ভুটানের খরচ পড়ে ৫২ হাজার ডলার। তাই বাংলাদেশের প্রস্তাবিত দামে ব্যান্ডউইটথ কিনতে দেশটির কোনো আপত্তি নেই। তবে ভারতে প্রতি জিবিপিএস ১০ হাজার ডলারে রপ্তানির বিষয়টিও ভুটানের প্রতিনিধিদল জানে।
জানতে চাইলে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আমাদের দামে ভুটান খুবই খুশি। তবে ঠিক কত দামে ব্যান্ডউইটথ রপ্তানি হবে সেটি ভারতের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত হবে। কারণ বাংলাদেশের সঙ্গে ভুটানের সরাসরি সীমান্ত সংযোগ নেই।
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, ভারত হয়ে তিনটি সম্ভাব্য পথে ভুটানে ব্যান্ডউইটথ রপ্তানির বিষয়ে আলোচনা হয়েছে। এই তিনটি পথে তিন রকমের খরচ পড়বে। সবদিক আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্যান্ডউইটথ রপ্তানির বিষয়ে আলোচনা করতে গত ২৩ সেপ্টেম্বর ভুটানের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। এ সময় বাংলাদেশ থেকে ব্যান্ডউইটথ নেওয়ার সম্ভাব্যতা যাচাই ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। গত শুক্রবার ভুটানের প্রতিনিধিদলটি ঢাকা ছাড়ে। গত আগস্টে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ভুটান সফরের সময় এ বিষয়ে প্রথম আলোচনা হয়।
বর্তমানে বিএসসিসিএলের কাছে ২০০ জিবিপিএস ব্যান্ডউইটথ রয়েছে। আগামী বছর বিএসসিসিএলের হাতে আরও ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইটথ যুক্ত হতে যাচ্ছে বলে জানা গেছে।