বেশি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল
এক লিটার সয়াবিন তেলের উৎপাদন খরচ ৬৩ টাকা ১০ পয়সা। এর সঙ্গে ৪ টাকা মুনাফা যোগ করে খোলা সয়াবিন তেল বিক্রি হওয়ার কথা ৬৭ টাকা ১০ পয়সায়। আর প্লাস্টিকের বোতলের দাম ১৫ টাকা এবং পরিবেশক ও খুচরা ব্যবসায়ীর ২ টাকা করে চার টাকা মুনাফা যোগ করলে বোতলজাত খুচরা সয়াবিন তেলের দাম দাঁড়ানোর কথা ৮২ টাকা।
অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি ও পরিশোধন ব্যয় এবং ব্যবসায়ীদের মুনাফা হিসাব করে এমন দামের কথাই বলেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। কিন্তু আপনি রাজধানীর কোনো বাজারেই এ দামে বোতলজাত সয়াবিন তেল কিনতে পারবেন না। কারণ ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছেন।
বাজারে এখন এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯৮ টাকায়। আর এক লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। এই তথ্যটি আরেক সরকারি সংস্থা ট্রেডিং করেপারেশন অব বাংলাদেশের (টিসিবি)। সংস্থাটি গতকাল সোমবার এ তথ্য দিয়েছে।
রমজান মাস সামনে রেখে ট্যারিফ কমিশন চলতি মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। এতে সয়াবিন তেল, পাম অয়েল ও চিনির আমদানি ও পরিশোধন খরচ হিসাব করে বাজারমূল্য কত হওয়া উচিত, তা তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মিলগেটে বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম পড়ে ৩৮৬ টাকা। এর মধ্যে প্লাস্টিকের বোতলের মূল্য ৫০ টাকা, পরিবেশক ও খুচরা ব্যবসায়ীর ১০ টাকা করে ২০ টাকা মুনাফা ধরা হয়েছে। তবে টিসিবির তথ্য অনুযায়ী গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে পাঁচ লিটারের সয়াবিন তেল ৪৫০ থেকে ৪৮০ টাকায় বিক্রি হয়েছে। তার মানে ৬৪ থেকে ৯৪ টাকা বেশি দিয়ে এই সয়াবিন তেল কিনতে হচ্ছে ভোক্তাদের।
অন্যদিকে মিলগেটে এক লিটার পরিশোধিত পাম তেলের উৎপাদন খরচ পড়ে ৫৩ টাকা ১৩ পয়সা। এর সঙ্গে মুনাফা যোগ করলে সর্বোচ্চ খুচরা মূল্য দাঁড়ানোর কথা ৫৭ টাকা ১৩ পয়সা। অথচ টিসিবির গতকালের তথ্য হলো, এই তেল বিক্রি হচ্ছে ৬১ থেকে ৬৩ টাকায়।
রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে গত রাতে প্রথম আলোকে বলেন, ড্রামভর্তি সয়াবিনের প্রতি কেজি পাইকারি মূল্য ৭৩ টাকা। বেশির ভাগ ক্ষেত্রে মিল মালিকেরা উচ্চ মুনাফার আশায় নিজেরাই প্যাকেটজাত করে পাইকারি দামের চেয়ে বাড়তি মূল্যে বিক্রি করেন। বাড়তি দামের বড় অংশই যাচ্ছে মিল মালিকদের পকেটে। অথচ চাইলে এর দাম কমানো সম্ভব।
গত এপ্রিল মাসের হিসাব দিয়ে ট্যারিফ কমিশন বলেছে, মিলগেটে প্রতি কেজি চিনির মূল্য দাঁড়ায় ৩৫ টাকা। এর সঙ্গে পরিবেশক ও খুচরা ব্যবসায়ীর দুই টাকা করে মুনাফা যোগ করলে প্রতি কেজির দাম হয় ৩৯ টাকা। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়।
৯ জুন বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদনটি পাঠিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আজিজুর রহমান। এতে তিনি বলেছেন, খোলা সয়াবিন ও পাম তেলের মিলগেটের মূল্য যথাক্রমে ৬৩ টাকা ১০ পয়সা ও ৫৩ টাকা ১৩ পয়সা এবং ১ ও ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম যথাক্রমে ৮২ ও ৩৮৬ টাকা নির্ধারণ করা যেতে পারে। এ ছাড়া চিনির মিলগেট মূল্য ৩৫ টাকা ও খুচরা দাম ৩৯ টাকায় নির্ধারণ এবং ভোজ্যতেল ও চিনির উৎপাদন খরচ হালনাগাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।