চলতি অর্থবছরে ২৭২টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গত আট মাসে ১৯টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এবং প্রি-একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বইয়ে এসব প্রকল্প অন্তর্ভুক্ত থাকলেও কোনো বরাদ্দ ছিল না।
এখন প্রকল্পগুলো মূল এডিপিতে ঢুকে গেল। তবে বেশির ভাগ প্রকল্পে নামমাত্র বরাদ্দ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। এর ফলে আগে থেকে এডিপিতে থাকা প্রকল্পগুলোর বরাদ্দ কমাতে হয়েছে। আর এডিপিতে শুধু প্রকল্প সংখ্যাই বেড়েছে।
এভাবে বরাদ্দ কমিয়ে বেশি প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত করার পুরোনো অভ্যাস থেকে বের হতে পারছে না পরিকল্পনা মন্ত্রণালয়। ফলে প্রকল্পগুলো সময়মতো শেষ করা সম্ভব হচ্ছে না।
উদাহরণ দিয়ে বলা যেতে পারে, বাজেট ঘোষণার সময় চলতি অর্থবছরে ৩৫৪টি প্রকল্প শেষ করার কথা ছিল। কিন্তু বরাদ্দ-সংকট কিংবা বাস্তবায়ন না হওয়ায় ওই সব প্রকল্পের মধ্যে ৪২টি প্রকল্প এ বছর শেষ করা যাবে না। তাই চলতি অর্থবছরে মোট ৩১২টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চলতি অর্থবছরের এডিপি সংশোধনের নথি ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে। অর্থবছরের সাত মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ৩২ শতাংশ। তাই বাধ্য হয়েই এডিপির অর্থ কাটছাঁটের পুরোনো পথেই হাঁটছে পরিকল্পনা মন্ত্রণালয়।
ইতিমধ্যে সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। সেখানে দেখা গেছে, এখন এডিপির আকার ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা। সব মিলিয়ে ১০ হাজার ৫৫০ কোটি টাকা কমানো হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি প্রস্তাব করবে পরিকল্পনা মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রস্তাবের অতিরিক্ত ৩-৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে।
সংশোধিত এডিপিতে একদিকে নতুন প্রকল্প ঢুকছে, আবার পরিকল্পনা অনুযায়ী কিছু প্রকল্প শেষ হচ্ছে না। ফলে বছর শেষে বিশালসংখ্যক প্রকল্প পরের বছরের এডিপিতে ঢুকে পড়ছে। এটি এডিপির একটি কাঠামোগত সমস্যায় পরিণত হয়েছে।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিবছরই পুরোনো সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে। দিন দিন সমস্যা আরও গভীর হচ্ছে। পুরোনো প্রকল্পের সঙ্গে প্রতিবছর নতুন নতুন প্রকল্প ঢুকে যাচ্ছে এডিপিতে। তাঁর মতে, এতে দুই ধরনের সমস্যা হচ্ছে। পুরোনো প্রকল্পে পরিকল্পনা অনুযায়ী বরাদ্দ দেওয়া যায় না, সময়মতো প্রকল্প শেষ হয় না। এতে খরচ বাড়ে। এমনিতেই প্রশাসনিক অদক্ষতায় সময়মতো প্রকল্প বাস্তবায়ন করা যায় না।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, নতুন ২৭২টি প্রকল্পসহ সংশোধিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১৫টি। এ ছাড়া আরও ৯১০টি বরাদ্দহীন ও অননুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে সংশোধিত এডিপিতে। একদিকে প্রকল্পের সংখ্যা বেড়েছে, অন্যদিকে এডিপির আকার কমেছে। অর্থাৎ, আগের চেয়ে কম টাকায় বেশি প্রকল্পে বরাদ্দ দিতে হবে।
সংশোধিত এডিপি:
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ সংশোধিত এডিপির আকার ১ লাখ ১২ হাজার ৭৯৬ কোটি টাকা। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের তদারকিতে থাকা মূল এডিপির সংশোধিত আকার ১ লাখ ৪ হাজার ২০০ কোটি টাকা হয়েছে। কমেছে সাড়ে ছয় হাজার কোটি টাকা।
দেশজ উৎসের টাকা না কমে বরং বেড়েছে। সংশোধিত এডিপিতে ৫০০ কোটি টাকা বাড়িয়ে দেশজ উৎস থেকে দেওয়া হচ্ছে ৭১ হাজার ২০০ কোটি টাকা। তবে বিদেশি সহায়তার ৪০ হাজার কোটি টাকা কমে ৩৩ হাজার কোটি টাকা হচ্ছে। অন্যদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ব্যয় ৪ হাজার কোটি টাকা কমিয়ে ৮ হাজার ৫৯৬ কোটি টাকা হচ্ছে।