বেশি ভাতার বিরুদ্ধে অর্থমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বেশি ভাতা পান এবং এত বেশি ভাতার বিপক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ২০টি ভাতা পান। আমার মতে এই ভাতা চারটির বেশি হওয়া উচিত নয়। এগুলো হচ্ছে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও আপ্যায়ন ভাতা।’
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামালসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
মুহিত বলেন, ‘ভাতা এখন অধিকারের মতো হয়ে গেছে। আমি কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতার সংখ্যা কমিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।’
কেন্দ্রীয় ব্যাংকে খোঁজ নিয়ে অবশ্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ২০ ধরনের ভাতা পাওয়ার কথা জানা যায়নি।
কেন্দ্রীয় ব্যাংকের সূত্রগুলো জানায়, সরকারি বেতনকাঠামো অনুযায়ীই তাঁরা বেতন-ভাতা পান। তবে জমি বা ফ্ল্যাট কেনার জন্য তাঁরা ৪০ লাখ টাকার মতো ঋণ পান। এর বাইরে রয়েছে দুপুরের খাবারের ভাতা, মোবাইল বিল, ইন্টারনেট বিল ইত্যাদি।
আগামী ১ জুলাই থেকেই নতুন বেতনকাঠামো কার্যকর করা হবে জানিয়ে মুহিত বলেন, নতুন বেতনকাঠামো বিষয়ে বেতন কমিশন ও সচিব কমিটি—উভয়ের প্রতিবেদনই এখন অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন। তবে বেতনকাঠামোতে অনেক জটিলতা থাকে। সেগুলোর সুরাহা করা কঠিন।
জটিলতা এড়াতে স্থায়ী বেতন কমিশন গঠনের পক্ষে মুহিত। বলেন, ‘আমি চাই পাঁচ বছর পরপর বেতনকাঠামো ঘোষণা—এটা এবারই শেষ হোক। একটা স্থায়ী কমিশন গঠনের চিন্তাভাবনা চলছে। এতে স্বয়ংক্রিয়ভাবেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা হালনাগাদ হবে।’