আসন্ন রমজান মাসের চাহিদার চেয়ে বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত আছে। পাইকারি বাজারগুলোতে পণ্যের সরবরাহ এবং দাম স্বাভাবিক রয়েছে। তাই খুচরা বাজারে পণ্যের দাম স্বাভাবিক থাকবে—এমনটা মনে করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
তবে একই সঙ্গে বেশি লাভের আশায় কেউ যেন পণ্যের মজুত না করে এবং দাম না বাড়ায় সে জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি গত শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে আরও বলেছে, তারা প্রতিদিন দেশের পাইকারি বাজারগুলোর পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি তদারক করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪টি তদারক দল ঢাকার বিভিন্ন বাজারে তদারকি করছে। প্রতিটি জেলায়ও আলাদা করে বাজার তদারকি হচ্ছে।
এফবিসিসিআই বলেছে, পর্যাপ্ত মজুত এবং সরবরাহ থাকার পরও দাম বাড়ানোর অপতৎপরতা এফবিসিসিআই কোনোভাবেই সমর্থন করে না। এ ক্ষেত্রে সরকারকে কঠোর আইনগত ব্যবস্থা নিতেও অনুরোধ জানিয়েছে সংগঠনটি।