বেশি সম্পদ বেশি সারচার্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার গুলশানে বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন একজন ব্যবসায়ী। এই ফ্ল্যাটটি ১৫ বছর আগে মাত্র ৫৫ লাখ টাকায় কিনেছিলেন। ব্যবসায় সফলতা আসতে থাকল প্রতিবছরই, আয়-রোজগারও বেশ ভালো। তাই বছর চারেক আগে ২০১০ সালে বারিধারা ডিওএইচএস এলাকায় আরও একটি ফ্ল্যাট কেনেন। দাম দুই কোটি টাকা। প্রথম বছরে কোনো ঝামেলা ছাড়া তিনি ভালোই ছিলেন। কিন্তু পরের বছর থেকে বিপত্তি শুরু হলো।
রাষ্ট্রের কর বিভাগের নজর পড়ল তাঁর সম্পদের ওপর। ২০১১-১২ অর্থবছরে দুই কোটি টাকার বেশি সম্পদ থাকলেই সারচার্জ আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর পর থেকেই চিন্তার মধ্যে পড়ে ওই ব্যবসায়ীর ঘুম নেই। বছর শেষে তাঁর আয় বাড়লেও করের পরিমাণ যেন বাড়ছে তার চেয়ে বেশি হারে। সারচার্জ হিসেবে আয়করের ১০ শতাংশ বেশি টাকা গুনতে হচ্ছে তাঁকে।
এই ব্যবসায়ীর মতো আরও অনেক ব্যবসায়ী, শিল্পপতি ও সম্পদশালী ব্যক্তিরা এখন বেশ চিন্তার মধ্যে পড়েছেন৷ রাতের আরামের ঘুম কিছুটা হলেও হারাম হবে তাঁদের? কেননা, আগামী ২০১৪-১৫ অর্থবছর থেকে এমন সম্পদশালীদের আরও বেশি কর দিতে হবে। বেশি সম্পদ থাকলে বেশি কর—এমন চিন্তা থেকে জাতীয় রাজস্ব বোর্ড সম্পদের ওপর সারচার্জের স্তর পুনর্বিন্যাস করছে।
জানা গেছে, আসন্ন বাজেটে সারচার্জ বর্তমান দুই স্তর থেকে বাড়িয়ে তিন স্তরে উন্নীত করা হচ্ছে। দুই কোটি টাকার বেশি সম্পদধারী ব্যক্তি বা করদাতাকে প্রদেয় আয়করের ১০ শতাংশ বাড়তি দিতে হবে সারচার্জ হিসেবে। ১০ কোটি টাকার বেশি সম্পদ থাকলে এই হার ১৫ শতাংশ। আর ১৫ কোটি টাকার বেশি সম্পদ থাকলে আয়করের ২৫ শতাংশ সারচার্জ দিতে হবে। বর্তমানে সারচার্জ আরোপের ক্ষেত্রে শেষ স্তরটি নেই।
অর্থাৎ কোনো ব্যক্তির যদি ২০ কোটি টাকার সম্পদ থাকে, আর তিনি যদি এক কোটি টাকা আয়কর দেন, সারচার্জ হিসেবে এক কোটি টাকার ২৫ শতাংশ বা ২৫ লাখ টাকা দিতে হবে। এর মানে হলো, ওই ব্যক্তিকে আয়কর ও সারচার্জ মিলিয়ে এনবিআরকে এক কোটি ২৫ লাখ টাকা দিতে হবে।
সারচার্জ কোনো কর নয়। এটি অতিরিক্ত সম্পদ থাকার কারণে একধরনের মাশুল আরোপ। অভিজাত এলাকায় বিলাসবহুল জাঁকজমকপূর্ণ জীবনযাপন এখন অনেকটাই গা-সওয়া হয়ে গেছে। কোটি টাকার বেশি দামি ফ্ল্যাট কিংবা বাড়িতে থাকেন অনেকেই। তাঁরা অহরহ বিএমডব্লিউ, মার্সিডিজ, লেক্সাস ব্র্যান্ডের গাড়ি চালান। কিন্তু আয়কর বিবরণীতে এগুলোর চিত্র সঠিকভাবে উঠে আসে না। এসব সম্পদশালীর বেশির ভাগই তাঁদের আয়কর নথিতে এসব সম্পদ দেখান না। যাঁরা দেখান, তাঁরা প্রায় সবাই প্রকৃত মূল্যের অনেক কম দেখান। আবার এসব সম্পদের সঠিক বর্তমান বাজারমূল্যও উঠে আসে না আয়কর নথিতে।
সারচার্জ মূলত সম্পদের হস্তান্তর বা লেনদেন মূল্য দিয়েই হিসাব করা হয়। অবশ্য এভাবে সম্পদের মূল্যমান নির্ধারণ নিয়ে প্রশ্ন রয়েছে। কোনো ব্যক্তি যদি ২০ বছর আগে এক কোটি টাকায় কোনো জমি কেনেন, তবে সরকার নতুন করে ভূমির মূল্য নির্ধারণ না করলে সারা জীবনই তাঁর সম্পদের মূল্য এক কোটি টাকাই ধরা হবে। আবার একই জমির পাশে সমপরিমাণ জমি যদি কেউ এক বছর আগে ১০ কোটি টাকা দিয়ে কেনেন, তাহলে সেই সম্পদের মূল্য ১০ কোটি টাকাই হবে। ফলে একই স্থানে একই পরিমাণ সম্পদের মালিক হয়েও দ্বিতীয়জনকে সারচার্জ দিতে হচ্ছে, প্রথমজনকে নয়। এটা একধরনের বৈষম্য।
আবার জমি বা ফ্ল্যাট কেনার সময় নিবন্ধন মূল্যকেই সম্পদের মূল্য ধরা হয়। এতে নিবন্ধন করার সময় যে টাকায় জমি বা ফ্ল্যাট কেনা হয়, তার চেয়ে অনেক কম দেখানো হয় বলে বহুলভাবে অভিযোগ রয়েছে। ফলে সরকার রাজস্ব কম পায়। অবশ্য সরকারনির্ধারিত মৌজা হারের চেয়ে কম হারে জমি নিবন্ধনের কোনো সুযোগ নেই৷ কিন্তু এই মৌজা হার বাজারমূল্যের চেয়ে অনেক কম৷
এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘এভাবে সম্পদের মূল্যমান নির্ধারণের পদ্ধতি সঠিক নয়। এতে করদাতাদের প্রতি ন্যায়বিচার করা হয়নি।’ তিনি মনে করেন, সম্পদের মূল্যমানের সঠিক হিসাবায়নের পাশাপাশি তা সংরক্ষণের অভাবেই এমন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এরশাদ সরকারের আমলের শেষ দিক পর্যন্ত সম্পদের মূল্যমান বা এলাকাভেদে জমির সর্বনিম্ন দাম এনবিআর ঠিক করে দিত। সম্পদের সঙ্গে আয়করের সম্পর্ক থাকায় এনবিআরই এ দায়িত্ব পালন করত। কিন্তু এরশাদ সরকারের শেষ দিকে এসে এই দায়িত্ব দেওয়া হয় ভূমি মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি আন্তমন্ত্রণালয় কমিটিকে। ফলে এখন সারচার্জ আরোপের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত পাঁচ বছরে নতুন করে ভূমির মূল্য নির্ধারণ করা হয়নি।
এনবিআরের সর্বশেষ হিসাবমতে, দেশে মাত্র পাঁচ হাজার ৬৬২ জন করদাতা রয়েছেন, যাঁরা দুই কোটি টাকার বেশি সম্পদের মালিক। ২০১২-১৩ করবর্ষের বার্ষিক আয়কর বিবরণীতে তাঁরা সবাই দুই কোটি টাকার বেশি সম্পদ দেখিয়েছেন। এতে এনবিআরের রাজস্ব প্রাপ্তি হয়েছে ৬০ কোটি ৩৬ লাখ টাকা।
আগের অর্থবছরের হিসাবে চার হাজার ৪৪৬ জন করদাতা দুই কোটি টাকার বেশি সম্পদধারী ছিলেন। এনবিআর পেয়েছে ৪৪ কোটি ৬২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এমন কোটিপতি সম্পদধারী বেড়েছে মাত্র এক হাজার ২১৬ জন।
তবে দেশে মাত্র সাড়ে পাঁচ হাজারের বেশি দুই কোটি টাকার বেশি সম্পদশালী রয়েছেন—এমন সংখ্যা অবিশ্বাস্যই বলা চলে। দেশে শুধু ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, ডিওএইচএস, নিকুঞ্জসহ অভিজাত এলাকায় ৫০ হাজারের বেশি প্লট রয়েছে। এর প্রতিটি প্লটের বর্তমান বাজারমূল্য কমপক্ষে দুই কোটি টাকার বেশি।
এনবিআেরর প্রস্তাব
২ কোটি টাকার বেশি সম্পদ
থাকলে সারচার্জ ১০ শতাংশ
১০ কোটি টাকার বেশি সম্পদ থাকলে সারচার্জ ১৫ শতাংশ
১৫ কোটি টাকার বেশি সম্পদ থাকলে সারচার্জ ২৫ শতাংশ
বর্তমান পরিস্থিতি
n বর্তমানে ২ কোটি টাকার বেশি সম্পদ আছে ৫,৬৬২ জনের
n সম্পদের সঠিক বাজারমূল্য উঠে আসে না কর নথিতে
n জমি বা ফ্ল্যাট কেনার নিবন্ধন মূল্যকেই সম্পদের দাম
হিসাবে ধরা হয়
‘‘সম্পদের মূল্যমান
নির্ধারণের পদ্ধতি সঠিক নয়। এতে করদাতাদের প্রতি ন্যায়বিচার করা হয়নি। সম্পদের মূল্যমানের সঠিক হিসাবায়নের পাশাপাশি তা সংরক্ষণের অভাবেই এমন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে
মোহাম্মদ আবদুল মজিদ
সাবেক চেয়ারম্যান, এনবিআর