বেশির ভাগ আঞ্চলিক প্রত্যাশা পূরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাজেটে অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের জন্য গ্যাস সরবরাহ, বন্ধ কলকারখানা পূর্ণাঙ্গ রূপে চালু, বিমানবন্দর নির্মাণে অর্থ বরাদ্দ, চিংড়ি ও পাটশিল্পের বিকাশে সহায়তা চেয়েছিলেন খুলনার মানুষ। কিন্তু বাজেটে তাঁদের এসব চাওয়ার তেমন প্রতিফলন ঘটেনি বলে মনে করেন তাঁরা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে গত ২ জুন ২০১৬-২০১৭ অর্থবছরের এই বাজেট পেশ করেন। এ বাজেট নিয়ে খুলনা অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান প্রথম আলোকে বলেন, বাজেটে খুলনা নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ কলকারখানা চালু, বিমানবন্দর নির্মাণ ও পাইপলাইনে গ্যাস সরবরাহের বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই। এসব খাতে বাজেট বরাদ্দ না হলে পদ্মা সেতুর সুবিধা এ অঞ্চলের মানুষ ভোগ করতে পারবে না।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক দেবাশীষ কুমার দাশ বলেন, খুলনা অঞ্চলে পাঁচটি মেগা বা বৃহৎ প্রকল্প থাকলেও শুধু রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্যই বরাদ্দ মিলেছে।
সাংস্কৃতিক কর্মী মাহফুজুর রহমান বলেন, নানা কারণে সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের পরিবেশ অনেকটা বিপন্ন। তাই সুন্দরবনসহ এ অঞ্চলের পরিবেশ সংরক্ষণে আলাদা বাজেট বরাদ্দের প্রয়োজন থাকলেও তা রাখা হয়নি।
বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের একজন পরিচালক নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, চিংড়ি রপ্তানিতে উৎস কর দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩ শতাংশ করার দাবি না মেনে অর্থমন্ত্রী এটাকে ১ দশমিক ৫ শতাংশে প্রস্তাব করেছেন। চিংড়ি উৎপাদনের জন্য থোক বরাদ্দও নেই। রপ্তানিমুখী শিল্প হিসেবে এটাকে মূসকের আওতামুক্তও করা হয়নি। এ খাতকে বাঁচাতে বিদ্যুতে সাশ্রয়ী রেট দরকার ছিল, তাও হয়নি।
বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সচিব আবদুল কাইয়ুম বলেন, বাজেটে পাট খাত অবহেলিত। কোনো থোক বরাদ্দ রাখা হয়নি।
আইনজীবী কুদরত-ই খুদা বলেন, খুলনা অঞ্চলের মেগা প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দ নিয়ে বাজেটে কোনো সুনির্দিষ্ট বক্তব্য নেই।