দুই দফায় সময় বাড়ানোর পরও শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বেশির ভাগ বিনিয়োগকারী সুদ মওকুফ-সুবিধা পাননি। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া ঋণদাতা বেশির ভাগ প্রতিষ্ঠানই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা পরিপালন করেনি। সুদ মওকুফ-সুবিধা বাস্তবায়নে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। সরকার ঘোষিত প্রণোদনার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের সুবিধা দিতে এসইসি দুই দফা সময় বেঁধে দেয়। সর্বশেষ বেঁধে দেওয়া সময়সীমা গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। এই সময়কালের মধ্যে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও তার সহযোগী দুই প্রতিষ্ঠান (আইসিবি ক্যাপিটাল ও আইসিবি সিকিউরিটিজ) এবং সরকারি মালিকানাধীন অন্তত দুটি ব্যাংকের (জনতা ও অগ্রণী) সহযোগী প্রতিষ্ঠানগুলো (মার্চেন্ট ব্যাংক) বিনিয়োগকারীদের ঋণের সুদ মওকুফ করেছে। সেই সঙ্গে এসইসি ১৪ অক্টোবরের মধ্যে সুদ মওকুফের সুবিধা বাস্তবায়নসংক্রান্ত সমন্বিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে (বিএমবিএ) নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী গতকাল দুই স্টক এক্সচেঞ্জ এ-সংক্রান্ত সমন্বিত প্রতিবেদন এসইসিতে জমা দিয়েছে। তবে বিএমবিএ গতকাল পর্যন্ত এ প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে মার্চেন্ট ব্যাংকগুলোর আলাদা আলাদা প্রতিবেদন আমাদের হাতে এসেছে। সেগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত করার কাজ চলছে। আশা করি, সোমবারের মধ্যে এই চূড়ান্ত প্রতিবেদন এসইসিতে জমা দিতে পারব।’ সম্প্রতি ব্রোকারেজ হাউসগুলো স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে তা থেকে বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে জানা গেছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের ঘোষণা বাস্তবায়নে আরও সময় চেয়েছেন ব্রোকারেজ হাউসের মালিকেরা। সেই সঙ্গে এই ঘোষণা বাস্তবায়নের জন্য কিছু শর্তও জুড়ে দিয়েছেন তাঁরা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ঋণদাতা প্রতিষ্ঠানের সুদ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নসংক্রান্ত প্রতিবেদন গতকাল এসইসিতে জমা দেওয়া হয়েছে। তাতে প্রতিষ্ঠানগুলো নিজেদের সমস্যার বিষয়টি তুলে ধরেছে বলে সিএসই সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি সিএসইর সদস্যরা সুদ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নে কয়েকটি সুবিধা চেয়েছেন। তার ভিত্তিতে সিএসই কর্তৃপক্ষ পুরো প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধার্থে তিনটি সুপারিশ জমা দিয়েছে এসইসিতে। এসব সুপারিশের মধ্যে রয়েছে: মওকুফ করা সুদের সমপরিমাণ অর্থ ওই প্রতিষ্ঠানের আগাম আয়করের (এআইটি) সঙ্গে সমন্বয়, আলাদা হিসাবে স্থানান্তরিত বাকি সুদ ও মূল ঋণের বিপরীতে ব্যাংকের কাছ থেকে ১০ শতাংশ সুদে পুনঃ অর্থায়নসুবিধা নিশ্চিতকরণ ও কর রেয়াত-সুবিধা। যোগাযোগ করা হলে সিএসইর সভাপতি আল মারুফ খান প্রথম আলোকে বলেন, ‘ব্রোকারেজ হাউসগুলো থেকে আমরা যে প্রতিবেদন পেয়েছি তাতে প্রত্যেকেই নিজেদের আর্থিক দৈন্যদশার কারণে সুদ মওকুফ করতে না পারার বাস্তব অবস্থা তুলে ধরেছেন। তবে সবাই সুদ মওকুফ-সুবিধা দিতে আগ্রহী। এ জন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলো কিছু সুপারিশ করেছেন। সেগুলো আমরা এসইসিকে জানিয়েছি।’ আল মারুফ খান আরও বলেন, ‘ব্রোকারেজ হাউসগুলোকে এ পর্যায়ে এসে যে পরিমাণ সুদ মওকুফ করতে হবে তার বিপরীতে প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে সরকারকে প্রাতিষ্ঠানিক কর পরিশোধ করেছে। তাই প্রতিষ্ঠানগুলো সুদ মওকুফের পর সমপরিমাণ অর্থের বিপরীতে কর রেয়াদ-সুবিধা চেয়েছেন।’ জানা গেছে, ডিএসই ও সিএসইর কিছু সদস্য ব্রোকারেজ হাউস এবং কয়েকটি মার্চেন্ট ব্যাংক আংশিকভাবে বিনিয়োগকারীদের সুদ মওকুফ করেছে। এ বিষয়ে এসইসির সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ‘বিশেষ প্রণোদনা’ ঘোষণা করে এসইসি। তাতে স্বল্প পুঁজির বিপরীতে ঋণসুবিধা নিয়ে যেসব বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েছেন তাঁদের জন্য বিশেষ স্কিম ঘোষণার নিশ্চয়তা দেওয়া হয়। এ জন্য আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়। সেই কমিটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে। তাঁদের মধ্যে যাঁরা ঋণ নিয়ে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের সুপারিশ করে। বাকি ৫০ শতাংশ সুদ একটি আলাদা হিসাবে স্থানান্তর করে কিস্তির মাধ্যমে আদায়ের পরামর্শ দেয়। সেই সঙ্গে মূল ঋণকে আলাদা করে তার ওপর সর্বাধিক ১০ শতাংশ হারে সুদ দাবির সুপারিশ করে। কমিটির সুপারিশের ভিত্তিতেই সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ স্কিম ঘোষণা করে, যার বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় এসইসিকে।