বেশির ভাগ শেয়ারের দর কমলেও চাঙা ব্যাংক ও ইনস্যুরেন্স খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার বেশির ভাগ শেয়ারের দর কমেছে। তবে ব্যাংক ও ইনস্যুরেন্স খাতে চাঙাভাব দেখা গেছে। এ ছাড়া আজ আর্থিক লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেশির ভাগ শেয়ারের দর কমেছে। লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে দুইটির।এদিকে আজ বেশির ভাগ শেয়ারের দর কমলেও ব্যাংক ও ইনস্যুরেন্স খাতের চাঙাভাব লক্ষ করা গেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির ও ইনস্যুরেন্স খাতের ৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির শেয়ারের দাম বেড়েছে। দাম বাড়ার তালিকায় শীর্ষ দশের মধ্যে প্রথম পাঁচটিই এ খাতের প্রতিষ্ঠান।আজ সাধারণ মূল্যসূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯৮৮ দশমিক ৭১ পয়েন্টে। সাধারণ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতেই সাধারণ সূচক ৮০৬০ পয়েন্টে উঠে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সূচকের পয়েন্ট কিছুটা কমে ৮০৫২ পয়েন্টে দাঁড়ায়। দুপুর সোয়া একটার পর সূচক নিম্নগামী হতে থাকে। শেষ পর্যন্ত সাধারণ সূচক ৭৯৮৮ পয়েন্টে এসে স্থির হয়। ডিএসইতে আজ মোট দুই হাজার ৭২০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৩০ কেটি টাকা বেশি।আজ লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, ডেসকো, তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস ও কনফিডেন্স সিমেন্ট।আজ সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া প্রগতি লাইফ ইনস্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স ও পিপলস লিজিং ইনস্যুরেন্স দাম বাড়ায় শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে দুলামিয়া কটনের শেয়ারের দাম। এ ছাড়া কাশেম ড্রাইসেলস, রহিমা ফুড, তাল্লু স্পিনিং ও মেঘনা কনডেন্সড মিল্ক দর কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন ৩,৩৬,৫৩৫ কোটি টাকা।