বেশির ভাগ শেয়ারের দরপতন ঘটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত উত্থানের বিপরীতে গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে কিছুটা দরপতন ঘটেছে। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত রোববার মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর ঋণ বিতরণের ওপর কড়াকড়ি আরোপ এবং ঋণসুবিধা-বহির্ভূত কোম্পানির শেয়ার লেনদেনে আর্থিক সমন্বয় সুবিধা বা নেটিং ফ্যাসিলিটি বন্ধের সিদ্ধান্তে নেয়। এরই প্রভাবে গতকাল দরপতন ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। তবে অপেক্ষাকৃত বড় মূলধনের কোম্পানি, বিশেষত ব্যাংকিং খাতের শেয়ারের মূল্য বাড়ায় বড় ধরনের পতন রোধ করা সম্ভব হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানি তাদের শেয়ারের দর হারিয়েছে। সিএসই দর হারিয়েছে ৭৫ শতাংশ কোম্পানির শেয়ার। একই সঙ্গে গতকাল দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। শেয়ারবাজারের অস্বাভাবিক ঊর্ধগতি ঠেকাতে বাজারে তারল্যপ্রবাহ নিয়ন্ত্রণের উদ্যোগ নেয় এসইসি। এরই অংশ হিসেবে গত ২৪ আগস্ট ঋণসুবিধার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে সংস্থাটি। ঋণদাতা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে ঋণ বিতরণ ও ব্যবস্থাপনায় শেয়ারের বাজার মূল্যের সঙ্গে প্রকৃত সম্পদমূল্য (এনএভি) যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে যে ফলাফল পাওয়া যাবে, তার সমানুপাতিক হারে ঋণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে ডিএসই, সিএসই এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আপত্তির পরিপ্রেক্ষিতে গত রোববার বিষয়টি পর্যালোচনার জন্য তাদের সঙ্গে বৈঠক করে এসইসি। কিন্তু সংস্থাটি তার অবস্থান থেকে সরে আসেনি। বরং ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। একই সঙ্গে যেসব গ্রাহক অতিরিক্ত ঋণ নিয়েছেন, তাঁদের এ সময়ের মধ্যে তা সমন্বয়ের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ঈদের পর প্রথম কার্যদিবস থেকে ঋণসুবিধা-বহির্ভূত শেয়ারের ক্ষেত্রে নেটিং সুবিধা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।এসইসির এসব সিদ্ধান্তে সাধারণ বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন যার প্রভাবও ছিল বাজারে। বিশেষ করে দিনের প্রথম ভাগে। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটের মধ্যে গতকাল ডিএসইতে সাধারণ সূচক ১৩০ পয়েন্ট কমে যায়। পরে সূচক প্রায় ১০০ পয়েন্টের মতো পুনরুদ্ধার হয়। তবে দিন শেষে তা ছয় হাজার ৮০৩ পয়েন্টে এসে স্থির হয়, যা আগের দিনের চেয়ে ৮৬ পয়েন্ট কম। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে ২৫৬টি কোম্পানির আট কোটি ২১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ছিল এক হাজার ৫০৬ কোটি ১৭ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ১১৬ কোটি ৬৬ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি কোম্পানির শেয়ারের দাম।